মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালী দিয়ে দীর্ঘ দুই মাস পর এলএনজিবাহী ট্যাঙ্কার চলাচল

তেহরান, ২৮ এপ্রিল – বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে দীর্ঘ দুই মাস পর এলএনজিবাহী একটি ট্যাঙ্কার চলাচল করেছে। জাহাজ ট্র্যাকিং কোম্পানি কেপলারের তথ্যের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অ্যাডনক পরিচালিত মুবারক নামের এই ট্যাঙ্কারটি ১ লাখ ৩২ হাজার ৮৯০ ঘনমিটার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস নিয়ে গত ২ মার্চ দাস আইল্যান্ড থেকে যাত্রা শুরু করে।

নিরাপত্তা বা অন্য কোনো কৌশলগত কারণে গত মার্চের শেষ দিক থেকে টানা এক মাস জাহাজটির স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বা অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বন্ধ রাখা হয়েছিল। অবশেষে গত সোমবার ভারতের উপকূলীয় এলাকায় পৌঁছানোর পর জাহাজটির সিগন্যাল পুনরায় পাওয়া যায়। বিশ্লেষক চার্লস কোস্ট্রাউস জানিয়েছেন যে জাহাজটি সম্ভবত ১৮ ও ১৯ এপ্রিলের দিকে সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে।

মার্চ মাসের শুরুর দিকে এই রুটে বড় জাহাজ চলাচল বন্ধ হওয়ার পর এটিই প্রথম বড় কোনো পণ্যবাহী জাহাজের পারাপার। এর আগে সোহার নামের একটি জাহাজ এই পথ দিয়ে গেলেও সেটি ছিল প্রায় পণ্যহীন। কেপলারের তথ্যমতে পহেলা মার্চ থেকে এ পর্যন্ত পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে অন্তত ৭০টি অপরিশোধিত তেলবাহী জাহাজ যাত্রা করেছে যার বেশিরভাগই ইরানের বন্দর থেকে ছেড়েছে।

এস এম/ ২৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language