হামের টিকা কর্মসূচিতে লক্ষ্যমাত্রার ১২২ শতাংশ অর্জিত: কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী

কুমিল্লা, ২৫ মে – দেশে হামের টিকাদান কর্মসূচির আওতায় এখন পর্যন্ত দুই কোটির বেশি শিশু টিকা পেয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন। বর্তমান সরকারের অধীনে এই কর্মসূচির লক্ষ্যমাত্রা ১২২ শতাংশ অর্জিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সোমবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর জেনারেল হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ১৮টি জেলা ও ৩০টি উপজেলায় পরিচালিত প্রথম ক্যাম্পেইনের ফলে সংক্রমণের হার প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। বর্তমানে চারটি বড় সিটি করপোরেশনে টিকাদান কার্যক্রম চলছে যার ফলাফল অত্যন্ত ইতিবাচক।
টিকা ব্যবস্থাপনায় কোনো অনিয়ম হয়েছে কি-না তা খতিয়ে দেখার আশ্বাস দিয়ে তিনি বলেন, অতীতে কী হয়েছে তা না ভেবে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দেওয়া হচ্ছে। হামে শিশুমৃত্যু রোধ ও আক্রান্তদের জীবন রক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
কুমিল্লা জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে মন্ত্রী রোগীদের খাবারের মান পরীক্ষা করেন এবং শিশুদের শারীরিক অবস্থার খোঁজ নেন। পরে তিনি পদুয়ার বাজার বেলতলীতে নির্মাণাধীন ১০০ শয্যার শিশু হাসপাতাল এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড পরিদর্শন করেন।
হাসপাতালে ওষুধ সংকট ও কেনাকাটায় দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, সরকার সকল অনিয়মের বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে এবং অভিযোগগুলো খতিয়ে দেখা হবে।
পরিদর্শনের সময় কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজা হাসান, সিভিল সার্জন আলী নূর মোহাম্মদ বশির আহমেদ এবং কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মির্জা তাইয়্যেবুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনএন/ ২৫ মে ২০২৬









