মক্কায় হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা

রিয়াদ, ২৫ মে – সৌদি আরবে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সোমবার ভোর থেকেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে মক্কার আকাশ ও বাতাস। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান এখন তাঁবুর শহর হিসেবে পরিচিত মিনায় সমবেত হচ্ছেন।
আজ দুপুর পর্যন্ত হাজিদের মিনায় পৌঁছানোর এই প্রক্রিয়া চলমান থাকবে বলে সৌদি গেজেট জানিয়েছে। আজ জোহর থেকে পরদিন ৯ জিলহজ ফজর পর্যন্ত মিনায় অবস্থান করে মোট পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা সুন্নত। এই দিনটিকে ইয়াওমুত তারভিয়া বলা হয়। এর মাধ্যমেই শুরু হয় ইসলামের পঞ্চম স্তম্ভ হজের মূল আনুষ্ঠানিকতা।
সৌদি হজ কর্তৃপক্ষের বিধান মেনে গত রাতেই মিনায় পৌঁছেছেন বাংলাদেশের হাজিরা। শরিয়তের বিধান অনুসারে হাজিরা ৮ জিলহজ মিনায় অবস্থান করবেন এবং ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। মিনায় রাত্রিযাপন শেষে ৯ জিলহজ মঙ্গলবার আরাফাতের ময়দানের উদ্দেশে রওনা দেবেন তারা।
সেখানে তারা একত্রে জোহর ও আসরের নামাজ আদায় করবেন। এর আগে মসজিদ নামিরা থেকে এ বছর হজের খুতবা দেবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলী বিন আবদুল রহমান আল হুজাইফি। খুতবার পর হাজিরা সূর্যাস্ত পর্যন্ত আরাফাতেই অবস্থান করবেন।
শরিয়তের বিধানানুসারে আরাফাতে অবস্থান করাই হজের প্রধান অংশ। ৯ জিলহজ সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশে রওনা দেবেন হাজিরা। সেখানে মাগরিব ও এশার নামাজ শেষে উন্মুক্ত আকাশের নিচে রাত্রিযাপন করবেন। পরদিন ১০ জিলহজ সূর্যোদয়ের আগে মুজদালিফা থেকে মিনায় যাবেন এবং শুধু বড় জামারায় কঙ্কর নিক্ষেপ করবেন হাজিরা।
এরপর আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় পশু কোরবানি দেবেন এবং মাথা মুণ্ডন কিংবা চুল ছোট করবেন। ১০ ও ১১ জিলহজ মিনায় রাত কাটানো ওয়াজিব। ১২ জিলহজ সূর্যাস্তের আগে কঙ্কর নিক্ষেপ সম্পন্ন না হলে সেই রাতও মিনায় অবস্থান করবেন হাজিরা।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনুমানিক ১৮ লাখ মুসলমান এবার হজ পালন করছেন। চলতি বছরে বাংলাদেশ থেকে প্রায় সাড়ে ৭৮ হাজার মানুষ হজে অংশ নিচ্ছেন।
এস এম/ ২৫ মে ২০২৬









