ইয়েমেনে কারাগারে সৌদি বিমান হামলায় শিশুসহ নিহত ৭

সানা, ৮ সেপ্টেম্বর – ইয়েমেনের উত্তরাঞ্চলীয় আল-হাজম শহরের একটি কারাগারে সৌদি আরব বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুথি। তাদের দাবি অনুযায়ী, এই হামলায় এক শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন।
হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি সোমবার জানান, আল-জাওফ প্রদেশের সেন্ট্রাল কারেক্টিভ ফ্যাসিলিটিতে এই হামলাটি চালানো হয়। হামলায় আরও অন্তত সাতজন আহত হয়েছেন যার মধ্যে একজন নারী রয়েছেন। হুথিদের পরিচালিত আল মাসিরাহ টেলিভিশন হামলায় বিধ্বস্ত ভবনের কিছু ভিডিও ফুটেজ প্রচার করেছে।
ভিডিওতে দেখা যাচ্ছে হামলার পর ভবনের ধ্বংসস্তূপের নিচে তল্লাশি চালানো হচ্ছে। তবে হুথিদের করা এই অভিযোগের বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে আল মাসিরাহ টিভি আরও কিছু ভিডিও প্রকাশ করেছে যেখানে ইয়েমেনের হাদরামাউত প্রদেশের একটি সীমান্ত ক্রসিংয়ে সৌদি সামরিক সরঞ্জাম বহনকারী ট্রাকে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য দেখানো হয়। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি সৌদি আরবের বিরুদ্ধে আল-জাওফে গণহত্যা চালানো এবং ড্রোন পরিচালনার অভিযোগও করেছেন।
এস এম/ ৮ সেপ্টেম্বর ২০২৬







