জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

ঢাকা, ৮ সেপ্টেম্বর – জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আগামী এক বছরের জন্য তিনি এই গুরুত্বপূর্ণ বৈশ্বিক পদের দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার রাতে নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপ্তি অনুষ্ঠানে খলিলুর রহমান আনুষ্ঠানিকভাবে এই শপথ গ্রহণ করেন। বাংলাদেশ সময় রাত ৯টায় অধিবেশনের সমাপ্তি পর্বের পর ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি হিসেবে তার অভিষেক হয়।
তিনি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হলেন। শপথ গ্রহণের পর বাংলাদেশ সময় রাত ১টায় সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায় সভাপতিত্ব করবেন খলিলুর রহমান। খলিলুর রহমানের এই দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দীর্ঘ চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদ ফিরে পেল বাংলাদেশ।
এর আগে ১৯৮৬ থেকে ১৯৮৭ সালে ৪১তম অধিবেশনে প্রথম বাংলাদেশি হিসেবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী এই সম্মানজনক দায়িত্ব পালন করেছিলেন।
উল্লেখ্য যে চলতি বছরের ২ জুন গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনে খলিলুর রহমান এই পদে নির্বাচিত হন। সেই নির্বাচনে তিনি ৯৯টি ভোট পেয়ে জয়ী হন এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকুরিস পান ৯১টি ভোট।
জাতিসংঘের আঞ্চলিক পর্যায়ক্রমিক ব্যবস্থা অনুযায়ী এবারের সভাপতি পদটি এশিয়া প্যাসিফিক অঞ্চলের জন্য সংরক্ষিত ছিল।
এনএন/ ৮ সেপ্টেম্বর ২০২৬







