মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালিতে আক্রান্ত সৌদি জাহাজের ১৬ নাবিককে উদ্ধার করল ওমান

আক্রান্ত সৌদি জাহাজ

মাস্কাট, ৮ সেপ্টেম্বর – হরমুজ প্রণালিতে ইরানের হামলার শিকার সৌদি পতাকাবাহী একটি তেলবাহী জাহাজের ১৬ নাবিককে উদ্ধার করেছে ওমানের নৌবাহিনী। হামলার প্রায় এক সপ্তাহ পর সোমবার এই তথ্য নিশ্চিত করেছে ওমান কর্তৃপক্ষ।

ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টারের এক বিবৃতিতে জানানো হয়েছে যে, রয়্যাল নেভি অব ওমানের একটি জাহাজ ক্ষতিগ্রস্ত তেলবাহী জাহাজটির ২৫ জন ক্রুকে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা প্রদান করেছে। পরবর্তীতে ওই জাহাজ থেকে ১৬ জন নাবিককে সরিয়ে নেওয়া হয় এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়।

তবে ক্রুদের বাকি সদস্যদের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়নি ওমানি কর্তৃপক্ষ। এর আগে হামলায় সিডর নামের ওই জাহাজটির ফিলিপাইন বংশোদ্ভূত দুই নাবিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছিল।

সৌদি আরবের জাতীয় নৌপরিবহন প্রতিষ্ঠান গত বুধবার জানায়, সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার সময় হরমুজ প্রণালিতে এই তেলবাহী জাহাজটিতে হামলা চালানো হয়। গত ছয় মাস ধরে চলা সংঘাতের ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চরম অচলাবস্থা বিরাজ করছে।

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরান নিয়মিত বাধা দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে ইরানের বিভিন্ন বন্দর লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের পাল্টা অবরোধ ও কড়াকড়িও অব্যাহত আছে।

এস এম/ ৮ সেপ্টেম্বর ২০২৬

Back to top button