লেবাননে ইসরায়েলি অভিযানকে সীমা লঙ্ঘনের চরম উদাহরণ বলল ইরান

তেহরান, ৭ সেপ্টেম্বর – লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের চলমান সামরিক অভিযান ও দখলদারিত্বকে সব ধরণের সীমা অতিক্রম করার এক নিকৃষ্টতম উদাহরণ হিসেবে অভিহিত করেছে ইরান। একই সঙ্গে এই ঘটনাকে লেবানন এবং সমগ্র মধ্যপ্রাচ্য অঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে মন্তব্য করেছে দেশটি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাগাই বলেন, যুক্তরাষ্ট্রের নিরঙ্কুশ সমর্থন, জাতিসংঘের দীর্ঘমেয়াদী নিষ্ক্রিয়তা এবং মানবাধিকারের দাবিদার ইউরোপীয় দেশগুলোর চরম উদাসীনতার সুযোগ নিয়ে ইসরায়েল জবাবদিহিহীনভাবে এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন যে, লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক পদক্ষেপ দেশটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার চরম লঙ্ঘন। চলমান এই পরিস্থিতি আবারও প্রমাণ করেছে যে, লেবাননের নিজস্ব মর্যাদা ও ভৌগোলিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় প্রতিরক্ষা সক্ষমতা অর্জন করা অত্যন্ত জরুরি।
বাগাইয়ের মতে, সাম্প্রতিক এই সংঘাত লেবানন ও পুরো অঞ্চলের জন্য একটি সতর্কবার্তা। তিনি দাবি করেন, ইসরায়েলের মতো একটি পক্ষ যারা কোনো আন্তর্জাতিক আইন বা সীমানার তোয়াক্কা করে না, তাদের বিরুদ্ধে জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় কঠোর প্রতিরোধ এবং সুদৃঢ় অবস্থান গড়ে তোলা বাঞ্ছনীয়।
এস এম/ ৭ সেপ্টেম্বর ২০২৬







