জাতীয়

বেনজীরকে ফেরাতে সরকারের কোনো বিলম্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সালাহউদ্দিন আহমদ

ঢাকা, ৮ সেপ্টেম্বর – সাবেক আইজিপি বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরিয়ে আনতে গ্রেপ্তারের চার দিনের মধ্যেই আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে কোনো বিলম্ব করা হয়নি।

মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেমের উত্থাপিত সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য প্রদান করেন। তিনি জানান, বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি রয়েছে।

২০২৬ সালের ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) আবুধাবি আনুষ্ঠানিকভাবে এনসিবি ঢাকাকে জানায় যে, বেনজীর আহমেদকে সেখানে গ্রেপ্তার করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী গ্রেপ্তারের ৩০ দিনের মধ্যে প্রত্যর্পণ অনুরোধ করার বিধান থাকলেও সরকার নির্ধারিত সময়ের অপেক্ষা করেনি। গ্রেপ্তারের মাত্র চার দিনের মধ্যে অর্থাৎ ১৬ জুন কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি না থাকায় দেশটির অভ্যন্তরীণ আইন এবং পারস্পরিকতার নীতির ভিত্তিতে এই প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

গত ৮ জুলাই ইউএই বিচার মন্ত্রণালয় থেকে অতিরিক্ত কিছু নথি চাওয়া হয়েছিল, যার মধ্যে বাংলাদেশের কেন্দ্রীয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য ও সত্যায়িত গ্রেপ্তারি পরোয়ানা অন্তর্ভুক্ত ছিল। এসব নথি ইতোমধ্যে পাঠানো হয়েছে এবং বর্তমানে আরও কিছু সুনির্দিষ্ট আইনি ব্যাখ্যার জবাব প্রস্তুত করা হচ্ছে যা নির্ধারিত সময়ের মধ্যেই পৌঁছানো হবে। বেনজীরকে আইনি সহায়তা প্রদানের জন্য ইতোমধ্যে আবুধাবিতে আইনজীবী নিয়োগ করা হয়েছে।

গণমাধ্যমে তার সেন্ট লুসিয়ায় যাওয়ার খবরের বিষয়ে মন্ত্রী বলেন, এখন পর্যন্ত কোনো রাষ্ট্র থেকে এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে অবস্থান নিশ্চিত হওয়া মাত্রই আন্তর্জাতিক আইনি কাঠামোর আওতায় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বেনজীরের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতি ও অবৈধ সম্পদের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের তদন্ত এবং আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে তিনি সংসদকে অবহিত করেন।

এনএন/ ৮ সেপ্টেম্বর ২০২৬

Back to top button