জাতীয়

বাঁধনের ওপর হামলার বিচার চাইলেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী

ঢাকা, ৮ সেপ্টেম্বর – ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও জড়িতদের বিচার দাবি করেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ দাবি জানান।

তিনি বলেন, ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশে নিষিদ্ধ রাজনৈতিক দলের উগ্র ও সংঘবদ্ধ অপতৎপরতা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী উল্লেখ করেন, ইতালিতে এক বাংলাদেশি সংস্কৃতিকর্মীর ওপর যারা বর্বরোচিত হামলা চালিয়েছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।

তিনি আশা প্রকাশ করেন যে ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সে দেশের প্রশাসনের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ স্থাপন করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে সক্রিয় ভূমিকা পালন করবে। বিদেশের মাটিতে প্রতিটি বাংলাদেশি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা দূতাবাসগুলোর অন্যতম প্রধান দায়িত্ব বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, অন্য কোনো দেশের নাগরিক যদি বাংলাদেশে এমন হামলার শিকার হতেন তবে সংশ্লিষ্ট দেশের দূতাবাস তাৎক্ষণিকভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করত। তাই বিশ্বের যেকোনো দেশে এমন সহিংস ঘটনা ঘটলে তথ্য প্রমাণসহ স্থানীয় কর্তৃপক্ষের কাছে প্রতিকার চাওয়া উচিত।

উল্লেখ্য যে রুবাইয়াত হোসেন পরিচালিত দ্য ডিফিকাল্ট ব্রাইড সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে বর্তমানে ইতালিতে অবস্থান করছেন আজমেরী হক বাঁধন। গত সোমবার রাতে ইতালির মেস্ত্রে শহরে সপরিবারে পার্কে অবস্থানকালে তিনি হামলার শিকার হন।

এস এম/ ৮ সেপ্টেম্বর ২০২৬

Back to top button