মধ্যপ্রাচ্য

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পারমাণবিক ফাইল পাঠানোর বিরোধিতা করল ইরান

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই

তেহরান, ৮ সেপ্টেম্বর – জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের ‘পারমাণবিক ফাইল’ পাঠানোর প্রচেষ্টার তীব্র বিরোধিতা করেছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, এ ধরনের যেকোনো পদক্ষেপের জবাবে ইরান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

সোমবার এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাঘাই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বা আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসির সাম্প্রতিক প্রতিবেদনের ভিত্তিতে ইরানের বিরুদ্ধে খসড়া প্রস্তাব তৈরির কঠোর সমালোচনা করেন।

তিনি অভিযোগ করেন, পশ্চিমা দেশগুলো যখনই তাদের উদ্দেশ্য বাস্তবায়নে ব্যর্থ হয়, তখনই তারা আইএইএ এবং এর মহাপরিচালকের ওপর নির্ভর করে। বাঘাই এই প্রক্রিয়াকে অর্থহীন বলে উল্লেখ করেন এবং দাবি করেন যে, পশ্চিমা দেশগুলোর বর্তমান পদক্ষেপ তাদের আগের দাবির সঙ্গে সাংঘর্ষিক।

এই পরিস্থিতি ইরান, চীন ও রাশিয়ার অবস্থানকেই সমর্থন করছে বলে তিনি মন্তব্য করেন। এছাড়া এই প্রক্রিয়ায় যুক্ত তিন ইউরোপীয় দেশ যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

বাঘাই আরও বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের কারণেই আইএইএ-এর প্রবেশাধিকার সীমিত হয়েছে এবং বর্তমান উত্তেজনার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দায়ী। যেকোনো পদক্ষেপের জবাবে ইরান অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা বিবেচনা করবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

এস এম/ ৮ সেপ্টেম্বর ২০২৬

Back to top button