যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে মৃত্যুদণ্ড কার্যকর

তেহরান, ২৪ মে – যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে প্রতিরক্ষা সংক্রান্ত গোপন তথ্য সরবরাহের দায়ে মোজতবা কিয়ান নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। রবিবার দেশটির বিচার বিভাগ এই দণ্ড কার্যকরের বিষয়টি নিশ্চিত করে। তদন্তে জানা যায়, কিয়ান ইরানের প্রতিরক্ষা শিল্পের গুরুত্বপূর্ণ ইউনিটের অবস্থান এবং যন্ত্রাংশ তৈরির বিবরণ শত্রুপক্ষের নেটওয়ার্কে পাঠিয়েছিলেন।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি নির্দিষ্ট স্থানে হামলার ঘটনাও ঘটেছিল। কিয়ান স্বীকার করেন যে, একটি নির্দিষ্ট নেটওয়ার্কে বার্তা পাঠানোর পর তাকে একটি নম্বর দেওয়া হয়েছিল যেখানে তিনি নিয়মিত তথ্য পাঠাতেন। প্রযুক্তিগত বিশ্লেষণে দেখা যায় যে, তথ্য পাঠানোর মাত্র তিন দিনের মাথায় ওই স্থাপনায় শত্রুপক্ষ হামলা চালায়।
এর মাত্র দশ দিন আগে ইসরায়েলি গোয়েন্দাদের কাছে তথ্য বিক্রির অভিযোগে আরও একজনের ফাঁসি কার্যকর করা হয়েছে। অন্যদিকে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেই ইরানের নতুন ধরনের সাইবার গুপ্তচরবৃত্তির কৌশল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক নিরাপত্তা গবেষকরা।
কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভুয়া চাকরির প্রলোভন ব্যবহার করে বিশ্বজুড়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের টার্গেট করা হচ্ছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান পালো অল্টো নেটওয়ার্কস এর গবেষণা ইউনিট ৪২ জানায়, ইরানি হ্যাকাররা রিক্রুটার সেজে এভিয়েশন খাতের বিশেষজ্ঞদের ফাঁদে ফেলছে।
এছাড়া মার্কিন তেল ও গ্যাস কোম্পানি এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংস্থাও তাদের নিশানায় রয়েছে। গবেষকদের মতে, হ্যাকাররা অত্যন্ত নিখুঁতভাবে ভুয়া চাকরির বিজ্ঞপ্তি তৈরি করে প্রার্থীদের ভিডিও কনফারেন্সিং অ্যাপ ব্যবহার করতে উদ্বুদ্ধ করে। ওই অ্যাপের ম্যালওয়্যারের মাধ্যমে ব্যবহারকারীর ডিভাইসের সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়া হয়।
এস এম/ ২৪ মে ২০২৬









