হোদেইদায় সৌদি আরবের বিমান হামলা: লোহিত সাগরে পাল্টা অবরোধের হুঁশিয়ারি হুথিদের

সানা, ২৫ জুলাই – যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনার মধ্যেই ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত হোদেইদা শহরে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে হুথি গোষ্ঠীর সঙ্গে সৌদি আরবের নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।
হুথি গোষ্ঠীর রাজনৈতিক ব্যুরো এক বিবৃতিতে জানিয়েছে যে, ইয়েমেনের জনগণ ও সশস্ত্র বাহিনীর মাধ্যমে প্রতিষ্ঠিত প্রতিরোধের সমীকরণ এখন অত্যন্ত অটল। তাদের ভাষ্য অনুযায়ী, অবরোধের জবাবে অবরোধ, বন্দরের জবাবে বন্দর এবং উসকানির জবাবে উসকানি দেওয়া হবে।
একই সাথে তারা সতর্ক করে বলেছে যে, সৌদি আরব যদি আগ্রাসন অব্যাহত রাখে তবে তাদের আরও বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে হবে। ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ইরানি যাত্রীবাহী বিমান অবতরণের চেষ্টাকে কেন্দ্র করে সাম্প্রতিক এই উত্তেজনার সূত্রপাত ঘটে।
ইরানি বিমানটির অবতরণ ঠেকাতে বিমানবন্দরের রানওয়েতে হামলা চালানো হয়। হুথিদের দাবি অনুযায়ী ওই হামলা সৌদি আরব চালিয়েছে। তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার জানিয়েছে যে, ইরানি বিমানটির অবতরণ ঠেকাতে তারা নিজেরাই এই অভিযান পরিচালনা করেছে।
এর পরপরই লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ জারির ঘোষণা দেয় হুথি গোষ্ঠী। একই সাথে তারা অন্তত দুটি সৌদি জাহাজে হামলা চালানোর দাবি করেছে। এর পরিপ্রেক্ষিতেই হুথি নিয়ন্ত্রিত এলাকায় নতুন করে বিমান হামলা চালায় সৌদি আরব।
এদিকে হামলার পর হুথিদের সম্ভাব্য পাল্টা আঘাতের আশঙ্কায় শনিবার ভোরে সৌদি আরবের সিভিল ডিফেন্স পশ্চিমাঞ্চলের ইয়ানবু এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের জাজান প্রদেশের বাসিন্দাদের জন্য নতুন সতর্কতা জারি করেছে।
এস এম/ ২৫ জুলাই ২০২৬









