ইউরোপ

ইউক্রেনের সুমিতে রুশ ড্রোন হামলায় নিহত ২

কিয়েভ, ২৫ জুলাই – ইউক্রেনের উত্তরাঞ্চলীয় সুমি শহরে রাশিয়ার শক্তিশালী ড্রোন হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। শনিবার শহরের সামরিক প্রশাসনের প্রধান সের্গেই ক্রিভোশেইনকো এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান একটি ডাকঘর লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

নিহতদের মধ্যে একজন ৪৯ বছর বয়সী পুরুষ এবং অন্যজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। অন্যদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়ার সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ জানিয়েছেন সেখানে শত্রু বাহিনীর হামলায় একজন আহত হয়েছেন।

রাজধানী কিয়েভে সামরিক সরঞ্জাম প্রদর্শনীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার রেশ কাটতে না কাটতেই এই নতুন হামলা চালানো হলো। গতদিনের ওই হামলায় অন্তত ১০ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছিলেন।

এদিকে ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোদ অঞ্চলেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। বেলগোরোদের ভারপ্রাপ্ত গভর্নর জানান শহরে শত্রু পক্ষ বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং রাস্তায় আগুনের ঘটনা ঘটেছে। দমকলকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।

এস এম/ ২৫ জুলাই ২০২৬


Back to top button