ফ্রান্সে দাবানল নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিশাল সামরিক কার্গো বিমান

প্যারিস, ২৫ জুলাই – ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ভয়াবহ আকার ধারণ করা দাবানল নিয়ন্ত্রণে সহায়তার জন্য একটি বিশাল সামরিক কার্গো বিমান মোতায়েন করা হয়েছে। আকাশপথে বড় ধরনের পরিবহন অভিযানের জন্য ব্যবহৃত এ-৪০০এম মডেলের এই বিমানটি আজ বিকালে প্রথম উড্ডয়ন সম্পন্ন করার কথা রয়েছে।
এই বিশেষ বিমানটি আগুন নেভানোর রাসায়নিক ও প্রতিবার যাতায়াতে প্রায় ২০ টন পানি বহন করতে সক্ষম। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেস সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে দমকল কর্মীদের সহায়তায় আরও অন্তত ৫০০ সামরিক সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছেন সেবাস্টিয়ান লেকর্নু।
এতে মোট নিয়োজিত কর্মীর সংখ্যা ১ হাজার ছাড়িয়ে যাবে। ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা মানুষের চিকিৎসায় সশস্ত্র বাহিনীর স্বাস্থ্যসেবা বিভাগকেও সক্রিয় করা হয়েছে। এছাড়া জিরোন্ড অঞ্চলে ১৫ লাখ এফএফপি২ মাস্ক পাঠানো হয়েছে। উদ্ধার অভিযানে এখন পর্যন্ত ২৭ জন ফরাসি দমকলকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
আহতদের মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পাঁচজন কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। দাবানলের কবলে পড়ে এখন পর্যন্ত প্রায় ২ লাখ ২০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
অন্যদিকে দাবানল পরিস্থিতির অবনতি হওয়ায় প্রতিবেশী দেশ স্পেনে প্রথমবারের মতো জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্পেনের মাদ্রিদ অঞ্চলে অন্তত ৬ হাজার হেক্টর এবং আভিলা অঞ্চলে প্রায় ৯ হাজার হেক্টর ভূমি ভস্মীভূত হয়েছে। তবে সেখানে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এস এম/ ২৫ জুলাই ২০২৬









