আইন-আদালত

একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল

ঢাকা, ২৬ জুলাই – কক্সবাজারের টেকনাফে আলোচিত একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ প্রদান করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আদালত এই মামলায় পলাতক আট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং অন্য মামলায় কারাগারে থাকা তিন আসামিকে পরবর্তী শুনানির দিনে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৫ আগস্ট তারিখ ধার্য করা হয়েছে।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি পরিচালনা করেন প্রসিকিউটর জহিরুল আমিন। তিনি আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো বিশদভাবে তুলে ধরেন এবং আনুষ্ঠানিক চার্জ আমলে নেওয়ার আবেদন জানান।

এই মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন, কর্নেল আনোয়ার লতিফ খান, মেজর রুহুল আমিন, সেনা কর্মকর্তা নাজমুস সাকিব, সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি এবং সেনা কর্মকর্তা আশিকুর রহমান। বর্তমানে আবদুর রহমান বদি, আনোয়ার লতিফ এবং মাহাবুব আলম অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

উল্লেখ্য যে, ২০১৮ সালের ২৬ মে রাতে টেকনাফে তথাকথিত বন্দুকযুদ্ধে নিহত হন টেকনাফ পৌরসভার কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি একরামুল হক। সেই সময় তার শিশুকন্যার সঙ্গে একরামুলের মোবাইল ফোনে কথোপকথনের একটি অডিও রেকর্ড দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। আব্বু তুমি কান্না করতেছ যে শিরোনামে প্রচারিত সেই অডিওটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের একটি অন্যতম প্রামাণ্য দলিল হিসেবে গণ্য করা হয়।

এনএন/ ২৬ জুলাই ২০২৬


Back to top button