আইন-আদালত

শাপলা চত্বরের ঘটনা: ২৭ জুলাই ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিচ্ছে প্রসিকিউশন

ঢাকা, ২৫ জুলাই – রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় আগামী ২৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হবে। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম শনিবার এক পরামর্শ সভায় এই তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর তোপখানা রোডের সিরডাপ মিলনায়তনে মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত মানবাধিকার লঙ্ঘন ও ভুক্তভোগীদের ন্যায়বিচারের প্রবেশাধিকার শীর্ষক সভায় তিনি বক্তব্য রাখেন।

চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বরে হত্যাকাণ্ডের পর রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে দাবি করা হয়েছিল যে রঙ মেখে সেখানে আহত এবং নিহতের ঘটনা সাজানো হয়েছে। সেই সময় দুটি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল। অনেক টেলিভিশন চ্যানেল ফুটেজ সংগ্রহ করলেও শেষ পর্যন্ত তা সম্প্রচার করেনি। তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও প্রসিকিউশন ঘটনার সুষ্ঠু তদন্ত সম্পন্ন করতে সক্ষম হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, মানবাধিকারবিরোধী কর্মকাণ্ড শুধু ব্যক্তি পর্যায়ে নয় বরং রাষ্ট্র বা সরকার পর্যায় থেকেও হতে পারে। যেখানে ক্ষমতার ব্যবহারের সুযোগ থাকে সেখানেই মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা থাকে।

অনেক সময় ভুক্তভোগীরাও নিজের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে অন্যের অধিকার ক্ষুণ্ণ করেন। উদাহরণ হিসেবে তিনি বলেন, কোনো ভুক্তভোগী পরিবার থানায় মামলা করতে গিয়ে অনেক সময় প্রতিহিংসাবশত নির্দোষ ব্যক্তিদের আসামি করে ফেলে। এটিও এক ধরনের মানবাধিকার লঙ্ঘন।

এনএন/ ২৫ জুলাই ২০২৬


Back to top button