যশোর

যশোরে পৌনে এক কেজি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোর, ২৬ জুলাই – যশোর নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকা থেকে সাড়ে চার পিস স্বর্ণের বারসহ সুমন মন্ডল নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি।

রোববার ভোরে বিজিবির একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। আটক সুমনের বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলার ইসলামিয়া বাজার এলাকায়। বিজিবি জানিয়েছে তার কাছ থেকে উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৬৮০ গ্রাম।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খাঁন জানান গোপন খবরের ভিত্তিতে বিজিবির একটি দল নীলগঞ্জ ব্রিজে অবস্থান নেয়। সেখানে সন্দেহভাজন হিসেবে সুমন মন্ডলকে আটক করে তল্লাশি চালানো হলে তার শরীরের বিশেষ অঙ্গে লুকানো অবস্থায় ৪টি আস্ত ও ১টি অর্ধেক স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধারকৃত এসব স্বর্ণের বর্তমান বাজারমূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ ৯৯ হাজার ৮০০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন স্বীকার করেছেন যে তিনি এই স্বর্ণের বারগুলো ঢাকা থেকে সংগ্রহ করেছিলেন। যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যেই তিনি এই পথ দিয়ে যাচ্ছিলেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আটক ব্যক্তিকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় বিজিবি সূত্র।

এনএন/ ২৬ জুলাই ২০২৬


Back to top button