দুর্গাপূজায় ৮ দিন বন্ধ বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি

যশোর,১৩ অক্টোবর- শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে এ সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানিয়েছেন, আগামী ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ৮ দিন পেট্রাপোল বন্দর বন্ধ থাকবে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি সবুর হোসেন জানান, দুর্গাপূজা উপলক্ষে ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ৮ দিন বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে বলে ভারতের পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ ব্যবসায়ী কার্তিক চক্রবর্তী চিঠি দিয়ে তাঁদের জানিয়েছেন। আগামী ২৫ অক্টোবর সকাল থেকে আবারও স্বাভাবিক নিয়মে আমদানি-রপ্তানি শুরু হবে।
এদিকে, বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, ভারতে পূজার ছুটির কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে পণ্য পরিবহন বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।
এস এম/ ১৩ অক্টোবর ২০২৬







