যশোর

বাংলাদেশ সেনাবাহিনী মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যশোর , ২৮ আগস্ট – বাংলাদেশ সেনাবাহিনী মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার যশোর সেনানিবাসে সম্পন্ন হয়েছে। সদর দপ্তর ৫৫ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।

এবারের প্রতিযোগিতায় ২৪ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং ৬৬ পদাতিক ডিভিশন রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। ব্যক্তিগত নৈপুণ্যের ভিত্তিতে ১৯ পদাতিক ডিভিশনের ল্যান্স কর্পোরাল মো. হোসেন আলী শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন।

এছাড়া ৫৫ পদাতিক ডিভিশনের এনসি(ই) শান্ত সাহেব শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় হিসেবে পুরস্কৃত হয়েছেন। গত ২২ আগস্ট শুরু হওয়া এই মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৪টি দল অংশ নেয়।

সমাপনী অনুষ্ঠানে ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও যশোর এরিয়া কমান্ডারসহ সেনাসদর ও যশোর এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সেনাবাহিনীর বিভিন্ন স্তরের সদস্য এবং অংশগ্রহণকারী খেলোয়াড়রা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এস এম/ ২৮ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language