মেহেরুল্লাহনগর স্টেশনে ট্রেনের স্টপেজ চায় যবিপ্রবি প্রশাসন

যশোর, ১৩ আগস্ট – যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী মেহেরুল্লাহনগর স্টেশনে আন্তঃনগরসহ সব ট্রেনের যাত্রা বিরতি বা স্টপেজ চালুর দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বুধবার রেলওয়ে কর্তৃপক্ষের কাছে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন স্বাক্ষরিত এই চিঠিতে জানানো হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী যাতায়াতের জন্য বর্তমানে প্রায় ১২ কিলোমিটার দূরে অবস্থিত যশোর জংশনে যেতে হয়। এর ফলে শিক্ষার্থীদের সময় ও অর্থ অপচয়ের পাশাপাশি দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে তারা প্রায়ই ট্রেন ধরতে ব্যর্থ হন।
উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীরের নির্দেশে প্রেরিত এই চিঠির অনুলিপি প্রধানমন্ত্রীর একান্ত সচিব, শিক্ষামন্ত্রীর একান্ত সচিব ও রেলপথ মন্ত্রণালয়সহ সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরে পাঠানো হয়েছে।
বর্তমানে যশোর সদর উপজেলার মেহেরুল্লাহনগর স্টেশনে একটি মেইল ট্রেন ছাড়া কোনো আন্তঃনগর ট্রেন থামে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে মেহেরুল্লাহনগর স্টেশনে স্টপেজ চালু হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক গতি ফিরবে।
এস এম/ ১৩ আগস্ট ২০২৬









