যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

লন্ডন, ২৬ এপ্রিল – যুক্তরাজ্যের গ্লুস্টারশায়ারে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্স বা আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘাঁটিটি ইরানের বিরুদ্ধে বিভিন্ন সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র ব্যবহার করে থাকে। রবিবার ভোরে আগুন লাগার খবর পেয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি সেবা সংস্থার বেশ কয়েকটি ইউনিট সেখানে মোতায়েন করা হয়। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ও গ্লুস্টারশায়ার লাইভ এই দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে।
টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, অগ্নিকাণ্ডের এই ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া রয়্যাল এয়ার ফোর্সের কোনো উড়োজাহাজের ক্ষয়ক্ষতি হয়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
তবে বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন বিমান বাহিনীর কোনো সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এস এম/ ২৬ এপ্রিল ২০২৬









