হাতিয়ায় খালের পাড়ে মিলল ২০ কেজির কোরাল মাছ

নোয়াখালী, ২৫ মে – নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নদীর তীরে হাঁটতে গিয়ে ২০ কেজি ওজনের একটি বিশাল কোরাল মাছ পেয়েছেন মো. নাজিম উদ্দিন নামে এক কৃষক। গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলার চরকিং ইউনিয়নের চরবগুলা গ্রামের পাশ দিয়ে প্রবাহিত মেঘনা নদী সংলগ্ন একটি খালে মাছটি পাওয়া যায়।
বিশালাকার মাছ পাওয়ার এই খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক নাজিম উদ্দিন প্রতিদিনের মতো সন্ধ্যার পর বাড়ির পাশে নদীর তীরে হাঁটতে বের হন। এ সময় খালের অল্প পানিতে বড় কিছু একটা নড়াচড়া করতে দেখে তিনি টর্চলাইটের আলো ফেলেন।
সেখানে একটি বড় কোরাল মাছ ছটফট করতে দেখে তিনি দ্রুত সেটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। মাছ পাওয়ার খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় উৎসুক জনতা ভিড় জমান এবং অনেকে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন।
ধারণা করা হচ্ছে,
জোয়ারের পানির সঙ্গে মাছটি নদী থেকে খালে চলে এসেছিল এবং পরবর্তীতে পানির উচ্চতা কমে যাওয়ায় সেখানে আটকা পড়ে। স্থানীয়দের অনুরোধে মাছটি চরবগুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের একটি দোকানে নিয়ে আসা হলে সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
স্থানীয় ব্যবসায়ী জিল্লুর রহমান জানান, রাত বেশি হয়ে যাওয়ায় মাছটি বাজারে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থানীয় কয়েকজন বাসিন্দা মিলে ৬০০ টাকা কেজি দরে ২০ কেজি ওজনের মাছটি কিনে নেন। এরপর মাছটি কেটে ক্রেতারা নিজেদের মধ্যে ভাগ করে নেন।
এস এম/ ২৫ মে ২০২৬









