নোয়াখালী

ইতালিতে সপরিবারে নিহত ৩ বাংলাদেশির মরদেহ পৌঁছালো নোয়াখালীতে

নোয়াখালী, ১৪ আগস্ট – ইতালির রোমে নৃশংস হত্যাকাণ্ডের শিকার নোয়াখালীর কোম্পানীগঞ্জের একই পরিবারের তিনজনের মরদেহ দীর্ঘ ১ মাস ১৯ দিন পর দেশে পৌঁছেছে।

শুক্রবার সকালে মরদেহগুলো বাংলাদেশে আসার পর বিকেলে গ্রামের বাড়ি হৃদয়নগরে নিয়ে যাওয়া হয়। সেখানে স্বজনদের আহাজারি আর কান্নায় এক শোকাতুর পরিবেশের সৃষ্টি হয়।

নিহতরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের হৃদয়নগর গ্রামের প্রবাসী কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী এবং তাদের পাঁচ বছর বয়সী মেয়ে আরিশা।

১৭ বছর আগে উন্নত জীবনের আশায় ইতালিতে পাড়ি জমানো বাবুল কঠোর পরিশ্রম করে সেখানে থিতু হয়েছিলেন। চার বছর আগে স্ত্রী ও সন্তানদেরও নিজের কাছে নিয়ে যান তিনি। তবে গত ২৬ জুন রোমে এক নির্মম হত্যাকাণ্ডে প্রাণ হারান তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছর কামাল উদ্দিন বাবুল তার বাবা ও মায়ের জন্য পারিবারিক কবরস্থানে জায়গা ঠিক করে মাটি ফেলেছিলেন। তবে সেই কবরস্থানেই আজ তাকে এবং তার স্ত্রী ও সন্তানকে চিরনিদ্রায় শায়িত হতে হচ্ছে। শুক্রবার সন্ধ্যার পর স্থানীয় একটি মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি তিনটি কবরে তাদের দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এ ঘটনায় গুরুতর আহত হয়ে বেঁচে যাওয়া বাবুলের একমাত্র ছেলে অয়ন মা, বাবা ও বোনের মরদেহ নিয়ে দেশে ফিরেছে।

স্বজন ও স্থানীয় বাসিন্দারা এই নৃশংস হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন শাহাদাত হোসেনকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

ইতালীয় পুলিশ সন্দেহভাজনের ছবি প্রকাশ করলেও এখন পর্যন্ত তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। এ নিয়ে স্বজনদের মাঝে তীব্র ক্ষোভ ও বিচার পাওয়ার অনিশ্চয়তা বিরাজ করছে।

এনএন/ ১৪ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language