নোয়াখালী

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে রোপণ করা হবে ৪০ হাজার গাছ

নোয়াখালী, ২১ জুন – ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলকে ঘিরে নোয়াখালীর সুবর্ণচরে পরিবেশ সুরক্ষায় এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছেন স্থানীয় আর্জেন্টিনা ফুটবল দলের ভক্তরা। প্রিয় দলের প্রতি ভালোবাসাকে প্রকৃতির প্রতি অঙ্গীকারে রূপ দিতে তারা আর্জেন্টিনা ফ্যানস ফর নেচার সংগঠনের ব্যানারে চারা বিতরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করেন।

শনিবার বিকেলে উপজেলার গ্রিন ফিউচার স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে দুই শতাধিক সমর্থকের মাঝে প্রায় এক হাজার গাছের চারা বিতরণ করা হয়। এর মধ্যে আম, জাম, কাঁঠাল, নিম, অর্জুন এবং কৃষ্ণচূড়াসহ প্রায় ৫০ প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি চারা রয়েছে।

সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে,

আর্জেন্টিনা যদি আগামী বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারে, তবে দেশব্যাপী ৪০ হাজার চারা রোপণ করবেন তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন চন্দ্রকলি ফাউন্ডেশনের সভাপতি শাখাওয়াত উল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গ্রিন ফিউচার স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ডিরেক্টর মো. নুর নবী।

বক্তারা বলেন, খেলাধুলার আবেগ ও উন্মাদনাকে পরিবেশ রক্ষার মতো মহৎ কাজে ব্যবহার করা একটি বিরল দৃষ্টান্ত। আয়োজকরা জানান, ফুটবল উন্মাদনার এই জোয়ারকে কাজে লাগিয়ে তারা নতুন প্রজন্মকে গাছ লাগাতে এবং প্রকৃতিকে ভালোবাসতে উৎসাহিত করতে চান।

কেবল ফুটবল নয়, বরং সামাজিক ও পারিবারিক যেকোনো শুভ অনুষ্ঠানে গাছ লাগানোর অভ্যাস গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে তাদের সংগঠনটি। স্থানীয় মোহাম্মদপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে জন্ম নেওয়া শিশুদের পরিবারকেও তারা বিগত কয়েক বছর ধরে নিয়মিত চারা উপহার দিয়ে আসছেন।

এস এম/ ২১ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language