শাহরিয়ার মাহমুদের বিরুদ্ধে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল

নোয়াখালী, ০৩ অক্টোবর-কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার শাহরিয়ার মাহমুদের বিরুদ্ধে তার নিজ এলাকা নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা।
শনিবার সকালে নোয়াখালী সদর উপজেলার সালেহপুর মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্থানীয় সর্বস্তরের জনগণ ও মুসল্লিরা তার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, ঢাকা ও সারাদেশে নানা অপকর্মে বিতর্কিত মাওলানা শাহরিয়ার মাহমুদ নোয়াখালী সদরের দক্ষিণ সালেহপুর গ্রামে অবস্থিত তিনটি প্রধান ধর্মীয় প্রতিষ্ঠানের কোটি কোটি টাকার ওয়াকফ সম্পত্তি বেআইনিভাবে ভোগ করছেন।
প্রতিষ্ঠানগুলো হলো দক্ষিণ সালেহপুর জামে মসজিদ ওয়াকফ এস্টেট (ইসি নং-২২৫০৩), দারুল উলুম হামিদিয়া মাদ্রাসা ওয়াকফ এস্টেট (ইসি নং-২২৭৫১) এবং দক্ষিণ সালেহপুর হামিদুলিয়া ফোরকানিয়া মাদ্রাসা ওয়াকফ এস্টেট (ইসি নং-২২৪২৯)।
সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, রাজধানীতে আলোচিত ইউটিউবার সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ স্টুডিও’ ভাঙচুর ও হামলার ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে সম্প্রতি শাহরিয়ার মাহমুদ গ্রেফতার হয়ে জেলে যাওয়ার পর এলাকার ভুক্তভোগী নিরীহ মানুষ ও মুসল্লিরা প্রকাশ্যে কথা বলতে শুরু করেছেন। তাই তাদের দাবি, শাহরিয়ার মাহমুদ বর্তমানে কারান্তরীণ থাকা অবস্থাতেই যেন তার ভীতি প্রদর্শনের অবসান ঘটিয়ে ওয়াকফ এস্টেটের বেহাত হওয়া জমি উদ্ধার করা হয় এবং তাকে যথাযথ আইনি আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হয়।
প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনে দক্ষিণ সালেহপুর গ্রামের স্থানীয় বাসিন্দা আবুল খায়ের, শাহাদাত হোসেন শিপন, মানিক, রুহুল আমিন, রায়হান খান নান্টু ও বিএনপি নেতা আব্দুল মতিনসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তি, মসজিদের মুসল্লি ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এস এম/ ০৩ অক্টোবর ২০২৬







