বেলারুশে পারমাণবিক গোলাবারুদ পাঠাল রাশিয়া, বাল্টিক অঞ্চলে বাড়ছে উত্তেজনা

মস্কো, ২১ মে – ইউক্রেন যুদ্ধ এবং বাল্টিক অঞ্চলে ড্রোন তৎপরতা নিয়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সঙ্গে চরম উত্তেজনার মধ্যেই বেলারুশে সামরিক ঘাঁটিতে পারমাণবিক গোলাবারুদ পাঠিয়েছে রাশিয়া। একই সঙ্গে মস্কো তাদের কৌশলগত পারমাণবিক বাহিনীর সক্ষমতা প্রদর্শনের জন্য বড় ধরনের মহড়া শুরু করেছে।
বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গত কয়েক বছরের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহত্তম পারমাণবিক মহড়া। এই মহড়ায় দেশটির সামরিক বাহিনীর অন্তত ৬৪ হাজার সদস্য অংশ নিচ্ছেন। মূলত কোনও সম্ভাব্য আগ্রাসনের মুখে পারমাণবিক বাহিনীর প্রস্তুতি ও সক্ষমতা যাচাই করতেই এই মহড়া চালানো হচ্ছে।
মহড়ায় বোরি শ্রেণির পারমাণবিক শক্তিচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন, ইল ৩৮ সাবমেরিন বিধ্বংসী বিমান, কিঞ্জাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং আরএস ২৪ ইয়ার্স আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পারমাণবিক মহড়ার অংশ হিসেবে বেলারুশ প্রজাতন্ত্রে মোতায়েন করা ক্ষেপণাস্ত্র ব্রিগেডের সংরক্ষণাগারগুলোতে পারমাণবিক গোলাবারুদ পৌঁছে দেওয়া হয়েছে। সেখানে সেনারা ইস্কান্দার এম কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার জন্য বিশেষ গোলাবারুদ গ্রহণ এবং সেগুলো উৎক্ষেপণ যানে লোড করার প্রশিক্ষণ নিচ্ছেন।
মস্কোর পক্ষ থেকে জানানো হয়েছে যে ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে এক অস্তিত্ব রক্ষার লড়াইয়ে লিপ্ত রয়েছে ক্রেমলিন। এই সামরিক কর্মকাণ্ডকে ইউক্রেন ও পশ্চিমা নেতারা দায়িত্বজ্ঞানহীন অস্ত্রের ঝনঝনানি হিসেবে উল্লেখ করেছেন।
এদিকে কালিনিনগ্রাদ এবং লিথুয়ানিয়া সীমান্ত এলাকায় উত্তেজনা তুঙ্গে রয়েছে। কালিনিনগ্রাদ অঞ্চলটি বাল্টিক উপকূলে ন্যাটো সদস্য লিথুয়ানিয়া এবং পোল্যান্ডের মাঝখানে অবস্থিত এবং এটি রাশিয়ার বাল্টিক নৌবহরের প্রধান সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়।
এস এম/ ২১ মে ২০২৬









