ইউরোপ

ইউক্রেনে ত্রাণ বিতরণ কেন্দ্রে রুশ হামলায় ৪০ জন নিহতের দাবি জেলেনস্কির

রুশ হামলায় ৪০ জন নিহত

কিয়েভ,০৫ নভেম্বর-ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৪০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় বুধবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

গত সোমবার ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের জাপোরিঝিয়া অঞ্চলে মানবিক সহায়তা বিতরণের কাজে ব্যবহার করা একটি পুরোনো স্কুল ভবনে নয়টি বোমা নিক্ষেপ করে রাশিয়া।

জেলেনস্কি তার পোস্টে লেখেন, ত্রাণ নিতে আসা মানুষের ওপর প্রথমে হামলা চালায় রাশিয়া। এরপর ঘটনাস্থলে উদ্ধারকর্মী ও পুলিশ কর্মকর্তারা পৌঁছালে তাদেরও লক্ষ্য করে হামলা চালানো হয়। তিনি আরও জানান, বুধবার বিকাল পর্যন্ত উদ্ধারকাজ চলছিল। ধ্বংসস্তূপের নিচে এখনো ৩০ জনের বেশি মানুষ আটকা পড়ে থাকতে পারেন।

এর আগে জেলেনস্কি এই হামলাকে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার শুরু করা যুদ্ধের অন্যতম প্রাণঘাতী ঘটনা বলে উল্লেখ করেছিলেন। তখন তিনি জানিয়েছিলেন, হামলায় পুলিশ কর্মকর্তাসহ ৩৩ জন নিহত হয়েছেন।

অন্যদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ওই এলাকায় তাদের হামলার লক্ষ্য ছিল ইউক্রেনের সামরিক বাহিনী। এতে দেশটির ২৫ জন সামরিক সদস্য নিহত হয়েছেন। তবে বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে মস্কো।

কিয়েভ ও মস্কোর কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা হোয়াইট হাউসে মেলানিয়া ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। এর আগে গত সপ্তাহে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। সেই যুদ্ধবিরতির আওতায় দক্ষিণ ইউক্রেনের রুশ-অধিকৃত শহর ওলেশকি থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া এবং সেখানে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছিল।

ইউক্রেনের সংবাদমাধ্যম ‘উক্রিনফর্ম’-এর তথ্য অনুযায়ী, এই বৈঠকে দেশটির মানবাধিকার কমিশনার দিমিত্রো লুবিনেটস এবং জেলেনস্কির পার্লামেন্টারি দলের নেতা দাভিদ আরাখামিয়া উপস্থিত থাকবেন।

এস এম/ ০৫ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language