ইউরোপ

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, পুতিনের প্রতিশোধের ঘোষণা

কিয়েভ, ২৪ মে – ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। এর আগে সম্ভাব্য হামলা নিয়ে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো সতর্কবার্তা প্রদান করেছিল।

শনিবার রাতে ইউক্রেনের বিমানবাহিনী জানায়, রাশিয়া মধ্য পাল্লার ওরেশনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা পরিচালনা করছে।

কিয়েভের সামরিক প্রশাসক তৈমুর তাকাচেঙ্কো টেলিগ্রাম বার্তায় জানান যে শহরটি বড় ধরনের মিসাইল হামলার কবলে পড়েছে। তিনি সাধারণ নাগরিকদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, রাজধানীর বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে। এই হামলার নেপথ্যে গত শুক্রবার রাশিয়ার অধিকৃত লুহানস্কের একটি কলেজে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলাকে দায়ী করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

পুতিন এই ঘটনাকে জঙ্গি হামলা হিসেবে অভিহিত করে প্রতিশোধ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

রুশ বার্তাসংস্থা তাসের তথ্যমতে, লুহানস্কের ওই হামলায় ১৮ জন শিশুর মৃত্যু হয়েছে। তবে ইউক্রেনের সামরিক বাহিনী এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা কেবল সামরিক স্থাপনা লক্ষ্য করে অভিযান চালায়।

ইউক্রেনের দাবি অনুযায়ী, তারা লুহানস্কের রুবিকন ইউনিটের সদরদপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছিল যা ড্রোন প্রযুক্তির জন্য পরিচিত।

সাম্প্রতিক সময়ে ইউক্রেন দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ব্যবহার বাড়িয়ে দেওয়ায় দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।

এনএন/ ২৪ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language