ফুটবল

তুরস্কের ক্লাব বেসিকতাসে যোগ দিচ্ছেন মোহাম্মদ সালাহ

কায়রো, ২৫ জুলাই – ইউরোপীয় ক্লাব ফুটবলের নতুন এক অধ্যায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন মিশরের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। তুরস্কের ঐতিহ্যবাহী ক্লাব বেসিকতাসের সঙ্গে তার আলোচনার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী মৌসুমে তুর্কি এই জায়ান্ট ক্লাবের জার্সিতেই দেখা যাবে তাকে।

অ্যানফিল্ডে টানা নয়টি সফল মৌসুম কাটিয়ে লিভারপুলের সঙ্গে নিজের বর্ণাঢ্য অধ্যায়ের ইতি টেনেছেন সালাহ। এই দীর্ঘ সময়ে তিনি ক্লাবটির হয়ে প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগসহ প্রায় সব গুরুত্বপূর্ণ শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন।

পাশাপাশি অসংখ্য ব্যক্তিগত রেকর্ড ও অর্জনের মাধ্যমে নিজেকে লিভারপুলের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ইতালিয়ান সাংবাদিক নিকোলো শিরার বরাত দিয়ে আন্তর্জাতিক ফুটবল বিষয়ক গণমাধ্যম জানিয়েছে যে বেসিকতাস ও সালাহর প্রতিনিধিদের মধ্যে ব্যক্তিগত শর্তাবলীতে সমঝোতা হয়েছে।

বছরে ১২ মিলিয়ন ইউরো পারিশ্রমিকে এক বছরের চুক্তির বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। চুক্তিতে আরও এক বছর বাড়ানোর একটি শর্তও রাখা হয়েছে যা কার্যকর হলে সালাহ ২০২৮ সালের গ্রীষ্ম পর্যন্ত ক্লাবটিতে থাকতে পারবেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে বেসিকতাসের কোচ ভিনচেনজো ইতালিওনো ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা ও স্পোর্টিং প্রজেক্ট সম্পর্কে সালাহকে স্পষ্ট ধারণা দেন যা তাকে রাজি করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বর্তমানে চুক্তির আনুষ্ঠানিক কাগজপত্র সম্পন্ন করার কাজ চলছে এবং দ্রুতই তার যোগদানের ঘোষণা আসতে পারে। উল্লেখ্য যে সৌদি প্রো লিগের একাধিক ক্লাব সালাহকে বড় অঙ্কের প্রস্তাব দিলেও তিনি ইউরোপের ফুটবলে নিজের ক্যারিয়ার চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এস এম/ ২৫ জুলাই ২০২৬


Back to top button