ইউরোপ

স্পেনে সাড়ে ৫ লাখ অবৈধ অভিবাসীকে বৈধ করার বিশাল উদ্যোগ

মাদ্রিদ, ২৩ মে – অর্থনীতিতে গতি সঞ্চার এবং শ্রমবাজারের শূন্যতা পূরণের লক্ষ্যে প্রায় সাড়ে পাঁচ লাখ অনিয়মিত বা অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার এক সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছে স্পেন সরকার। মূলত তরুণ জনশক্তির সরবরাহ বাড়িয়ে দেশের বার্ধক্যজনিত জনসংখ্যার ভারসাম্য রক্ষা এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্টের এক প্রতিবেদন থেকে জানা যায়,

চলতি বছরের শুরুতে ঘোষিত এই কর্মসূচি স্পেনের অভ্যন্তরীণ রাজনীতি ও ইউরোপের কট্টর ডানপন্থী নেতাদের তীব্র সমালোচনার মুখে পড়েছে। তবে দেশটির সমাজতান্ত্রিক নেতৃত্বাধীন জোট সরকার এই পদক্ষেপের স্বপক্ষে জোরালো যুক্তি তুলে ধরেছে।

তাদের মতে,

অভিবাসন প্রক্রিয়া দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে যা স্পেনকে ইউরোপীয় প্রতিবেশী দেশগুলোর তুলনায় প্রতিযোগিতায় এগিয়ে রাখবে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, আগামী এক দশকে দেশটির সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক ব্যবস্থা অটুট রাখতে আরও প্রায় ২৪ লাখ নতুন করদাতার অবদান প্রয়োজন।

বর্তমানে দেশটিতে প্রায় ৮ লাখ ৪০ হাজার অবৈধ অভিবাসী অনানুষ্ঠানিক খাতে কর্মরত রয়েছেন যাদের উল্লেখযোগ্য অংশ দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশের নাগরিক। স্পেনের অভিবাসন বিষয়ক সেক্রেটারি অফ স্টেট পিলার কানসেলা জানিয়েছেন, রাষ্ট্রীয়ভাবে প্রায় ১০ লাখ আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার সক্ষমতা তাদের রয়েছে।

প্রথম মাসেই প্রাথমিক প্রত্যাশাকে ছাপিয়ে ৫ লাখ ৪৯ হাজার ৫৯৬টি আবেদন জমা পড়েছে। ইতোমধ্যে ৯১ হাজার ৫০৫ জনকে সাময়িক কাজের অনুমতি প্রদান করা হয়েছে।

এই উদ্যোগের আওতায় নির্মাণ, পর্যটন, পরিবহন ও সেবা খাতের মতো শ্রমিক সংকটে থাকা ক্ষেত্রগুলোর ঘাটতি মেটাতে ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে সরকার। এছাড়া অনানুষ্ঠানিক খাতের শোষণ রোধে শ্রম পরিদর্শন কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে।

এস এম/ ২৩ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language