সুন্দরগঞ্জে ট্রাকচাপায় অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিহত

গাইবান্ধা, ২৫ মে – গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি ট্রাকের চাপায় আউয়াল সরকার নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রাণ হারিয়েছেন। সোমবার দুপুরে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে রবিবার রাতে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের আলহিকমা দাখিল মাদরাসা ও শ্মশান এলাকার মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আউয়াল সরকার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামের সৈয়দ আলী ব্যাপারীর ছেলে। কর্মজীবনে তিনি ঢাকা, গাজীপুর, রংপুর এবং সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অবসরের পর তিনি গাইবান্ধা জজ কোর্টে আইনজীবী হিসেবে নিয়োজিত ছিলেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার রাতে কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আউয়াল সরকার। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওই সময় তার সঙ্গে থাকা মুহুরি আসাদুল ইসলামও আহত হন। সুন্দরগঞ্জ থানার ওসি জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এস এম/ ২৫ মে ২০২৬









