গাইবান্ধায় আত্মীয়র বাড়িতে ঈদের দাওয়াত দিয়ে ফেরার পথে বাস চাপায় বৃদ্ধের মৃত্যু

গাইবান্ধা, ২৮ মে – গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঈদের দাওয়াত দিয়ে বাড়ি ফেরার পথে বাস চাপায় আব্দুল হামিদ নামের এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার বোয়ালিয়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হামিদ উপজেলার দরবস্ত ইউনিয়ন বিশুবাড়ী গ্রামের মৃত মনছের আলীর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল হামিদ এদিন সন্ধ্যায় গোবিন্দগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এক আত্মীয়র বাড়িতে পবিত্র ঈদুল আযহার দাওয়াত দিতে গিয়েছিলেন।
দাওয়াত দিয়ে ফেরার পথে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ অনেক বৃদ্ধি পেয়েছে।
রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ির নিচে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে ঘাতক বাসটিকে এখনও আটক করা সম্ভব হয়নি। নিহতের ভাতিজা শাওন জানান, সাবেক কাউন্সিলর মঞ্জু মিয়ার বাড়িতে ঈদের দাওয়াত দিয়ে ফেরার পথে তার চাচা দুর্ঘটনার শিকার হন। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এস এম/ ২৮ মে ২০২৬









