হাতের জোরে এভারেস্ট জয়: দুই পা হারানো রুশ সেনার অনন্য বিশ্বরেকর্ড

মস্কো, ২২ মে – মানুষের অদম্য ইচ্ছাশক্তির কাছে যেকোনো প্রতিকূলতাই যে হার মানতে বাধ্য, তা আরও একবার বিশ্ববাসীর সামনে প্রমাণ করলেন রাশিয়ার সাবেক সেনাসদস্য রুস্তম নাবিইয়েভ। কোনো প্রকার কৃত্রিম পায়ের সহায়তা ছাড়াই, শুধুমাত্র নিজের দুই হাতের শক্তিতে তিনি জয় করেছেন বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট।
চিকিৎসা বিজ্ঞান এবং পর্বতারোহণের ইতিহাসে এটি একটি বিরল ঘটনা, যেখানে দুই পা হারানো কোনো ব্যক্তি শুধুমাত্র হাতের ওপর ভর করে এভারেস্টের চূড়ায় পৌঁছাতে সক্ষম হলেন। নেপালের বর্তমান বসন্তকালীন পর্বতারোহণ মৌসুমে গত বুধবার কাঠমান্ডু সময় সকাল ৮টা ১৬ মিনিটে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন রুস্তম।
এই ঐতিহাসিক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন এভারেস্ট বেস ক্যাম্পের ফিল্ড অফিস কোঅর্ডিনেটর খিম লাল গৌতম। তিনি জানান, রুস্তম সফলভাবে চূড়ায় পৌঁছানোর পর বর্তমানে নিরাপদে বেস ক্যাম্পে ফিরে আসছেন। এই অভাবনীয় সাফল্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন বার্তা শেয়ার করেছেন রুস্তম।
পর্বতচূড়ায় নিজের একটি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, যারা মনে করেছিলেন দুর্ঘটনার পর জীবন থমকে যায়, তাদের জন্য এই বিজয় এক বিশেষ বার্তা। মানবজাতির ইতিহাসে এই প্রথম কেউ শুধুমাত্র হাতের ওপর ভর করে এভারেস্টে আরোহণ করল।
তার এই অর্জনকে অনুসারী ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে উৎসর্গ করে তিনি বলেন, শরীরে যতক্ষণ প্রাণ আছে, ততক্ষণ লড়াই চালিয়ে যাওয়া উচিত। শেষ পর্যন্ত লড়াই করুন, কারণ জীবন সত্যিই অত্যন্ত সুন্দর। রুস্তমের এই সাহসিকতার খবর ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে তিনি প্রশংসিত হচ্ছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা তাকে স্যালুট জানিয়ে মন্তব্য করছেন যে, মানুষের অভ্যন্তরীণ ইচ্ছাশক্তিই হলো আসল চালিকাশক্তি। উল্লেখ্য, ২০১৫ সালে একটি সামরিক ব্যারাক ভবন ধসে পড়ার ভয়াবহ দুর্ঘটনায় তৎকালীন প্যারাট্রুপার রুস্তম নাবিইয়েভ তার দুই পা হারান।
তবে শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে তিনি নিজেকে পর্বতারোহণের মতো চ্যালেঞ্জিং কাজে নিয়োজিত করেন এবং শেষ পর্যন্ত গড়ে তুললেন এক অনন্য ইতিহাস।
এস এম/ ২২ মে ২০২৬









