জাতীয়

শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির অনুরোধে দিল্লি হাইকমিশনে ই-মেইল, অনুমোদনের প্রমাণ নেই

শেখ হাসিনা

ঢাকা,০৯ নভেম্বর-ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে ই-মেইল পাঠিয়েছে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইন পরামর্শক প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকালে ই-মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দিল্লি হাইকমিশন। তারা জানিয়েছে, চিঠিটি পাওয়ার পরপরই পরবর্তী করণীয় জানতে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করা হয়েছে।

তবে ঢাকার কয়েকটি কূটনৈতিক সূত্র বলছে, এটি শেখ হাসিনার আবেদন কি না, তা বোঝার কোনো উপায় নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানটির পাঠানো ই-মেইলে শেখ হাসিনার অনুমোদন বা ‘অথরাইজেশন’ সংক্রান্ত কোনো নথি কিংবা প্রমাণপত্র ছিল না। কোনো ব্যক্তির পক্ষে কোনো প্রতিষ্ঠান আবেদন করলে সাধারণত ওই ব্যক্তির অনুমোদনপত্র থাকে।

দিল্লির একটি কূটনৈতিক সূত্রও আজ সোমবার সকালে ই-মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ম্যাট্রিক্সের পাঠানো ই-মেইলের শুরুতে আইনজীবী লিখেছেন, তিনি শেখ হাসিনার আইনজীবী হিসেবে তাঁর পক্ষে যোগাযোগ করছেন। এরপর কয়েকটি বিষয় উল্লেখ করে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে খবর পাওয়া গেছে।

এ অবস্থায় হাইকমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে বার্তা সংস্থা রয়টার্স তাদের হাতে আসা একটি চিঠির বরাত দিয়ে জানায়, দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়েছেন শেখ হাসিনা। এ বিষয়ে আজ তিনি ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন।

রয়টার্সের ওই প্রতিবেদনে আরও বলা হয়, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর এই প্রথম এ ধরনের আবেদন করলেন শেখ হাসিনা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতে স্বেচ্ছানির্বাসনে থাকা শেখ হাসিনার এ পদক্ষেপকে বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নের সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর।

এস এম/ ০৯ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language