শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট-এনআইডি দেবে না সরকার, প্রত্যর্পণ চুক্তিতে ফেরত চায় বাংলাদেশ

ঢাকা,০৯ নভেম্বর-ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেবে না।
তবে ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চাওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, একজন পলাতক আসামিকে নতুন করে ভ্রমণের নথি দেওয়ার কোনো প্রশ্নই আসে না। শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি পাওয়ার আইনি উদ্যোগ হাস্যকর। শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টিকে সাধারণ কোনো যাত্রীর দেশে ফেরার মতো করে দেখার সুযোগ নেই। তিনি ইতোমধ্যে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আরও একাধিক বিচারিক কার্যক্রম চলছে, যেগুলোতে সর্বোচ্চ শাস্তি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে দাবি জানাবে বাংলাদেশ। তাঁকে ফেরত পাওয়া গেলে যথাযথ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করে কারাগারে নেওয়া হবে।
সম্প্রতি দিল্লিতে অবস্থান করে আইনজীবী ও আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন বাংলাদেশি পাসপোর্ট এবং এনআইডির জন্য শেখ হাসিনা আবেদন করেছেন বলে খবর প্রকাশিত হয়েছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, কোনো আইনজীবী বা বিদেশি আইন প্রতিষ্ঠান আইনি নোটিশ পাঠালে কিংবা তাঁর পক্ষে প্রতিনিধিত্ব করলেই শেখ হাসিনার বর্তমান আইনি অবস্থার কোনো পরিবর্তন হবে না।
হুমায়ুন কবির বলেন, ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনার সরকারের সময়ে মাত্র ছয় সপ্তাহে প্রায় ১ হাজার ৫০০ মানুষ নিহত হয়েছেন। দেশ ছেড়ে ভারতে অবস্থান করেও তিনি রাজনৈতিক কর্মকাণ্ড ও সন্ত্রাসী তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
শেখ হাসিনার পক্ষে বিদেশি আইনজীবী, সলিসিটর ও জনসংযোগ প্রতিষ্ঠানগুলোর কাজ করার বিষয়েও সমালোচনা করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, রাষ্ট্রীয় সম্পদ থেকে লুট করা অর্থ ব্যবহার করে বিদেশে আইনজীবী ও লবিং প্রতিষ্ঠান নিয়োগ করা হচ্ছে।
যুক্তরাজ্যে শেখ হাসিনার পক্ষে জনমত তৈরির উদ্যোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, একটি জনসংযোগ প্রতিষ্ঠান ভুল তথ্য প্রচারের কারণে ব্রিটিশ সংসদ সদস্যদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছিল। পরে ওই সংসদ সদস্যদের সেখান থেকে সরে যেতে হয়।
যুক্তরাজ্যের ৬৫০ জন সংসদ সদস্যের মধ্যে মাত্র কয়েকজন শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়েছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী দাবি করেন, অধিকাংশ সংসদ সদস্য এ বিষয়ে তাঁদের নৈতিক অবস্থান বজায় রেখেছেন।
হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট বা এনআইডি দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই। বাংলাদেশে ফেরার একমাত্র পথ হবে ভারত থেকে আনুষ্ঠানিকভাবে তাঁকে প্রত্যর্পণ করা।
এদিকে ২০২৪ সালের আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে আজ এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
এ বিষয়ে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে একটি চিঠি পাঠিয়েছেন তাঁর আইনজীবীরা। রয়টার্স জানিয়েছে, তারা ওই চিঠিটি দেখার সুযোগ পেয়েছে।
দূতাবাসে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ২০২৪ সালের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় তাঁর বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছিলেন, দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান।
উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন।
এস এম/ ০৯ নভেম্বর ২০২৬







