জাতীয়

বৈরী আবহাওয়ায় পদ্মা সেতুতে যানবাহন চলাচল সীমিত

ঢাকা, ২৫ মে – ঝড়ো হাওয়া, বৃষ্টি ও বজ্রপাতের কারণে পদ্মা সেতুতে যানবাহন চলাচল কিছুটা সীমিত হয়ে পড়েছে। ঈদুল আজহার ছুটির প্রথম দিন সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হওয়া বৈরী আবহাওয়ার প্রভাবে সেতু এলাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা গেছে,

সাধারণ সময়ে যেখানে পদ্মা সেতুতে যানবাহনের ব্যাপক চাপ থাকে, সেখানে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যান চলাচল একেবারেই কমে গেছে। মাঝে মধ্যে দুএকটি যাত্রীবাহী বাস পারাপার হলেও মোটরসাইকেলের উপস্থিতি প্রায় নেই বললেই চলে। যান চলাচল কমে যাওয়ায় টোল প্লাজায় দায়িত্বরত কর্মী ও নিরাপত্তা সদস্যদের অলস সময় কাটাতে দেখা গেছে।

সাধারণত ব্যস্ত সময় পার করা এসব কর্মীরা এখন অপেক্ষাকৃত ফাঁকা পরিবেশে দায়িত্ব পালন করছেন। এদিকে সেতু কর্তৃপক্ষ মাইকিংয়ের মাধ্যমে বারবার ঘোষণা দিয়ে ঝড়ো হাওয়ার বিষয়টি চালকদের অবগত করছেন। পাশাপাশি দুর্ঘটনা এড়াতে সবাইকে ধীরগতিতে সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর অনুরোধ জানানো হচ্ছে।

এর আগে রাত ১২টা থেকে সকাল ১০টা পর্যন্ত পদ্মা সেতুতে উল্লেখযোগ্য পরিমাণ টোল আদায় হয়েছে। সেতু কর্তৃপক্ষের তথ্যমতে, এ সময়ে মোট ১৭ হাজার ৮৫৮টি যানবাহন পারাপার হয়েছে এবং মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৩ লাখ ৮১ হাজার ৫০০ টাকা।

এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে ১২ হাজার ১৭৪টি যানবাহন পারাপার হয়ে টোল আদায় হয়েছে ১ কোটি ১৯ লাখ ৩২ হাজার ৯৫০ টাকা। অন্যদিকে জাজিরা প্রান্ত দিয়ে ৫ হাজার ৬৮৪টি যানবাহন পারাপার হয়ে টোল আদায় হয়েছে ৮৪ লাখ ৪৮ হাজার ৫৫০ টাকা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন,

আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় যান চলাচল বৃদ্ধি পাবে। বর্তমানে যাত্রীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নজরদারি জোরদার করা হয়েছে।

এস এম/ ২৫ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language