রংপুর

নেপালে ভয়াবহ দুর্যোগ: রংপুরে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীদের উদ্বেগ ও ত্রাণ উদ্যোগ

রংপুর, ২৭ আগস্ট – নেপালে হিমালয়ের বানের জলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রংপুরে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীরা। এই কঠিন সময়ে প্রবাসে থেকেও নিজ দেশের মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। ক্ষতিগ্রস্তদের সহায়তার লক্ষ্যে শিক্ষার্থীরা নিজেরা সম্মিলিতভাবে অর্থ সংগ্রহ করে তা নেপাল সরকারের কাছে পাঠানোর উদ্যোগ গ্রহণ করেছেন।

সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে নেপাল ও চীনের তিব্বত সীমান্ত সংলগ্ন বিস্তীর্ণ এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে। হিমালয়ের পার্বত্য নদী থেকে আসা প্রলয়ংকরী ঢল এবং কাদা ও পাথরের ধসে বহু জনপদ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এতে কয়েকশ মানুষের প্রাণহানি ছাড়াও বিপুল পরিমাণ অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। রংপুরের বিভিন্ন চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে নেপালের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছেন।

এর মধ্যে রংপুর মেডিকেল কলেজ, কমিউনিটি মেডিকেল কলেজ, কমিউনিটি ডেন্টাল কলেজ ও প্রাইম মেডিকেল কলেজে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী সুজা সেরপি জানান, কাঠমান্ডুতে তার বাড়ি এবং দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে তিনি অত্যন্ত মর্মাহত।

প্রবাসে থাকার কারণে সরাসরি কিছু করতে না পারার আক্ষেপ থাকলেও সবাই মিলে অর্থ সংগ্রহের মাধ্যমে সরকারি তহবিলে সহায়তা পাঠানোর পরিকল্পনা করেছেন তারা। একই অনুভূতি ব্যক্ত করেছেন অইয়ষ ও অভিনাষসহ অন্যান্য শিক্ষার্থীরাও।

এদিকে হিমালয়ের এই বানের পানি বাংলাদেশের নদীগুলোতে কী প্রভাব ফেলবে সে বিষয়ে তথ্য দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। রংপুর পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবিব জানান, হিমালয়ের এই পানি তিস্তা বা ব্রহ্মপুত্র নদে প্রবেশের সম্ভাবনা নেই। তবে এই পানি রাজশাহীর পদ্মা নদীতে প্রবেশের সম্ভাবনা থাকলেও তাতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই বলে তিনি আশ্বস্ত করেছেন।

এস এম/ ২৭ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language