রংপুর

রংপুরে ক্যাডেট কোচিং সেন্টারের বাসে দুর্বৃত্তদের আগুন, পুড়ে ছাই

ক্যাডেট কোচিং সেন্টারের বাসে দুর্বৃত্তদের আগুন

রংপুর,১৮ নভেম্বর-রংপুর নগরীর পর্যটন মোটেল-সংলগ্ন লুমিনাস ক্যাডেট কোচিং সেন্টারের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বাসটি কোচিং সেন্টারের পাশের সড়কের ধারে দাঁড়িয়ে ছিল। বুধবার ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যেই বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। ঘটনাস্থলের পাশে থাকা সিদ্দিকীয়া বিশ্ব ইসলাম মিশনের শিক্ষার্থীরা আগুন লাগার বিষয়টি বুঝতে পারেন। এ সময় মাদ্রাসার শিক্ষক এনামুল কবির ফোন করে কোচিং সেন্টারের মালিককে অগ্নিকাণ্ডের খবর জানান।

অন্যদিকে, ঘটনাস্থলের কাছের টাটা শোরুমে থাকা লোকজন ফায়ার সার্ভিসকে আগুনের খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে পুরো বাসটি পুড়ে যায়।

বাসে আগুন দেওয়ার ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। লুমিনাস ক্যাডেট কোচিংয়ের পরিচালক নাহিদুজ্জামান ইকবাল মাছুম বলেন, তিনি ছোট পরিসরে কোচিং সেন্টার পরিচালনা করেন। ২৮ আসনের বাসটি ডাউনপেমেন্টে কিনে ধীরে ধীরে বাকি টাকা পরিশোধ করেছিলেন। বাসটি পুড়ে যাওয়ায় তিনি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। তিনি অগ্নিসংযোগকারীদের আইনের আওতায় আনার পাশাপাশি বাসের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে তদন্ত করছে। আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত থাকতে পারে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

এস এম/ ১৮ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language