বেরোবিতে লিখিতের নম্বর কমিয়ে ভাইভায় বাড়ানোর প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

রংপুর,১০ সেপ্টেম্বর- নিয়োগ পরীক্ষার লিখিত অংশের নম্বর কমিয়ে ভাইভায় নম্বর বাড়ানোর মাধ্যমে দলীয়করণ, ঘুষ-বাণিজ্য ও দুর্নীতির সুযোগ তৈরির অভিযোগ তুলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন।
বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার মূল ফটকে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।
সমাবেশে বক্তারা নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করার দাবি জানান।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, লিখিত পরীক্ষায় নম্বর কমিয়ে ভাইভায় বেশি নম্বর রাখা হলে নিয়োগ প্রক্রিয়ায় পক্ষপাতিত্ব ও অনিয়মের সুযোগ তৈরি হবে। এতে নিয়োগে দলীয়করণও বাড়তে পারে। এ সময় তারা নিয়োগ পরীক্ষায় ভাইভায় আগের প্রক্রিয়া বহাল রাখার দাবি জানান। দাবি মানা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
বিশ্ববিদ্যালয়ের ১৪তম ব্যাচের শিক্ষার্থী ইমরান বলেন, সরকারি চাকরির ভাইভা পরীক্ষায় প্রায় ৪০০ শতাংশ নম্বর বাড়ানো হয়েছে। তার অভিযোগ, এর পেছনে একটাই কারণ—তারা দলীয় ক্যাডারদেরই চাকরি দিতে চায়।
এস এম/ ১০ সেপ্টেম্বর ২০২৬







