রংপুর

তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, চালক-সুপারভাইজার আটক

তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা

রংপুর,১৫ নভেম্বর- রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে লাথি মেরে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। রোববার সকাল ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ জনতা।

নিহত দুজন হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) এবং লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২)।

বাসের যাত্রী আতিক ইসলাম বলেন, ‘আমার কাছে টাকা থাকায় বাস থেকে আমাকে নামানো হয়নি। তবে বাসের হেলপার ও সুপারভাইজার আমাকে জিম্মি করেন এবং গলায় গামছা পেঁচিয়ে ধরেন। এ সময় মুকুল ও শাকিব আমাকে বাঁচাতে এগিয়ে এলে চলন্ত বাস থেকে লাথি মেরে তাদের ফেলে দেওয়া হয়। পরে আমি চিৎকার করলে একটি মাইক্রোবাসের যাত্রীরা বিষয়টি দেখে স্থানীয় লোকজনকে জানান। পরে স্থানীয় লোকজন বাসটি আটক করেন। বাসটি আটকানো না হলে আমাকেও ফেলে দেওয়া হতো।’

নিহত শাকিব বসুনিয়ার বড় ভাই শাকিল বসুনিয়া জানান, তাঁর ছোট ভাইসহ এলাকার ছয়জন কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকা থেকে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে করে বাড়ি ফিরছিলেন। তাঁদের চাচা আতিকের কাছে তিন লাখ টাকা ছিল। তারাগঞ্জ পার হওয়ার পর অন্য যাত্রীদের নামিয়ে দিয়ে আতিককে জিম্মি করা হয়।

পরে মুকুল ও শাকিব তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে লাথি ও ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়। এরপর চিকলী এলাকায় স্থানীয় লোকজন ও পথের একটি মাইক্রোবাসের যাত্রীরা বাসটি আটক করেন।

তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল জিগাতলা এলাকায় যায়। সেখানে সড়কের পাশে দুজনকে পড়ে থাকতে দেখা যায়। তাঁদের একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ।

এস এম/ ১৫ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language