বলিউড

অভিষেক ও ঐশ্বরিয়ার ১৯তম বিবাহবার্ষিকী: ফিরে দেখা রঙিন স্মৃতি

মুম্বাই, ২১ এপ্রিল – বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন তাদের দাম্পত্য জীবনের ১৯তম বিবাহবার্ষিকী উদযাপন করছেন। ২০০৭ সালের ২০ এপ্রিল আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ ১৯ বছরের এই পথচলায় কন্যা আরাধ্যাকে নিয়ে তাদের সুখী সংসার। বিশেষ এই দিনে ভক্তদের মাঝে অভিষেকের পুরনো একটি সাক্ষাৎকার নতুন করে আলোচনায় এসেছে।

যেখানে তিনি তাদের প্রথম সাক্ষাৎ এবং ভালোবাসার শুরুর দিকের স্মৃতিচারণ করেন। অভিষেক জানান যে, যখন তিনি সহকারী হিসেবে সুইজারল্যান্ডে শুটিংয়ের কাজে ছিলেন, তখন এক বন্ধুর মাধ্যমে ঐশ্বরিয়ার সঙ্গে তার পরিচয় হয়। সেই পরিচয় থেকেই তাদের মধ্যে সম্পর্কের সূচনা হয়েছিল। অন্যদিকে ঐশ্বরিয়া রায় এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, তার কাছে বিয়ের মূল ভিত্তি হলো একে অপরের প্রতি গভীর আস্থা এবং বিশ্বাস।

এই পারস্পরিক শ্রদ্ধাবোধের কারণেই তারা খুব দ্রুত জীবনের অন্যতম বড় সিদ্ধান্তটি নিতে পেরেছিলেন। বচ্চন পরিবারের অভ্যন্তরীণ সমীকরণ নিয়ে বিভিন্ন সময় সংবাদমাধ্যমে গুঞ্জন ছড়ালেও অভিষেক বরাবরই জানিয়েছেন যে, ঐশ্বরিয়া তার বাবা ও মায়ের কাছে নিজের মেয়ের মতোই আদরের। দাম্পত্য জীবনের ছোটখাটো বিবাদ প্রসঙ্গে ঐশ্বরিয়া বলেছিলেন যে, তাদের মধ্যেও সাধারণ দম্পতিদের মতো মতের অমিল হয়। তবে ঝগড়া হলে তিনি নিজেই প্রথমে ক্ষমা চেয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে পছন্দ করেন।

এস এম/ ২১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language