মধ্যপ্রাচ্য

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর বিরুদ্ধে কাবার ইমামের সতর্কতা

রিয়াদ, ১২ এপ্রিল – সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও যাচাইবাছাইহীন তথ্য ছড়ানোর বিষয়ে কঠোর সতর্কতা উচ্চারণ করেছেন পবিত্র মসজিদুল হারামের ইমাম শায়খ ড. সালেহ বিন আবদুল্লাহ বিন হুমাইদ। তিনি বলেছেন যারা ইন্টারনেটে মিথ্যা তথ্য ছড়ান বা তাতে সহায়তা করেন তাদের ওপর এর সব ধরনের নৈতিক ও ধর্মীয় দায়ভার বর্তাবে। জুমার খুতবায় তিনি এই আহ্বান জানান। শায়খ সালেহ বিন হুমাইদ বলেন কঠিন সময়ে মানুষের প্রকৃত ব্যক্তিত্ব ও চরিত্রের পরীক্ষা হয়। প্রতিকূল পরিস্থিতিতেও মুমিনদের বিচলিত না হওয়ার এবং পার্থিব মোহে পড়ে আধ্যাত্মিক চেতনা না হারানোর পরামর্শ দেন তিনি।

ভিত্তিহীন তথ্য প্রচার করা কেবল ব্যক্তি বা সমাজের ক্ষতিই করে না বরং এটি একটি বড় পাপ বলেও উল্লেখ করেন তিনি। জনমত যেদিকেই যাক না কেন জীবনের সব ক্ষেত্রে সত্য ও সততা বজায় রাখা মুমিনের দায়িত্ব। এদিকে সৌদি আরব সরকারও গুজব ছড়ানোর বিরুদ্ধে নিয়মিত সতর্ক করে আসছে। দেশটির আইন অনুযায়ী সামাজিক শান্তি ও জনশৃঙ্খলা বিঘ্নিত করে এমন গুজব ছড়ানো গুরুতর ফৌজদারি অপরাধ।

সৌদি পাবলিক প্রসিকিউশন জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য তৈরি শেয়ার বা প্রচারের অপরাধে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড এবং ত্রিশ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি অপরাধে ব্যবহৃত মোবাইল বা কম্পিউটারসহ সব ডিভাইস জব্দ করার বিধান রয়েছে। গত কয়েক বছরে বিভিন্ন সংকট বা মহামারির সময় গুজব ঠেকাতে সৌদি কর্তৃপক্ষ কঠোর অবস্থান নিয়েছে।

বিশেষ করে করোনা মহামারির সময় স্বাস্থ্যবিধি বা পবিত্র মক্কার পরিস্থিতি নিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছিল। তাই সাধারণ মানুষকে কেবল নির্ভরযোগ্য ও সরকারি সূত্রের তথ্যের ওপর নির্ভর করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কোনো তথ্য যাচাই না করে শেয়ার করা বা নিজের ডিভাইসে সংরক্ষণ করার কারণে আইনি জটিলতায় পড়ার আশঙ্কা রয়েছে।

এস এম/ ১২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language