দক্ষিণ এশিয়া

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় লোকসানের মুখে ভারতের বিলাসবহুল ট্রেন ‘প্যালেস অন হুইলস’

দিল্লী, ১৬ এপ্রিল – মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার নেতিবাচক প্রভাব পড়েছে ভারতের অন্যতম ঐতিহ্যবাহী পর্যটন সেবা ‘প্যালেস অন হুইলস’-এর ওপর। রাজস্থানের মরুভূমি ও ঐতিহাসিক দুর্গগুলোর রাজকীয় ভ্রমণের জন্য বিশ্বজুড়ে খ্যাতি থাকলেও, চলতি মৌসুমে বিদেশি পর্যটকদের অভাবে ট্রেনটি বড় ধরনের সংকটে পড়েছে। পর্যটক না থাকায় কর্তৃপক্ষকে ইতিমধ্যে বেশ কয়েকটি নির্ধারিত যাত্রা বাতিল করতে হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, গত রবিবার জয়সালমীরে চলতি মৌসুমের শেষ সফরে ৮৪ জন যাত্রী ধারণক্ষমতার এই বিলাসবহুল ট্রেনটিতে ছিলেন মাত্র ৩০ জন। ট্রেনটির কার্যক্রম সচল রাখতে কমপক্ষে ১৪টি কেবিন বুকিং থাকা আবশ্যক হলেও সাম্প্রতিক সময়ে ১০টি কেবিন পূর্ণ করতেও হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। ফলে ৩২টি পরিকল্পিত সফরের মধ্যে ১০টিই বাতিল করা হয়েছে। ট্রেনের ৪৩ বছরের দীর্ঘ ইতিহাসে এক মৌসুমে এক-তৃতীয়াংশ যাত্রা বাতিল হওয়ার ঘটনা এর আগে মাত্র একবার ঘটেছিল। এর আগে গত মৌসুমেও রাশিয়া-ইউক্রেন ও ইসরায়েল-হামাস যুদ্ধের কারণে ১০টি যাত্রা বাতিল করতে হয়েছিল।

১৯৮২ সালে যাত্রা শুরু করা এই ট্রেনের টিকেটের বর্তমান মূল্য ৬ লাখ থেকে শুরু করে ২১ লাখ রুপি পর্যন্ত। যদিও ২০২৩ সালে ট্রেনটিকে বেসরকারি ব্যবস্থাপনায় ছেড়ে দিয়ে এর সাজসজ্জা পাঁচ তারকা মানের চেয়েও উন্নত করা হয়েছে, তবুও বৈশ্বিক অস্থিরতা কাটিয়ে পর্যটকদের ফেরানো যাচ্ছে না। ট্যুর অপারেটরদের তথ্য অনুযায়ী, আগে যেখানে ট্রেনের আসন পূর্ণ থাকার হার ছিল ৭০ থেকে ৮০ শতাংশ, সেখানে এবার তা ২৬ শতাংশে নেমে এসেছে।

বিলাসবহুল এই ট্রেনের যাত্রী সংকট কেবল রেল কর্তৃপক্ষের লোকসান বাড়াচ্ছে না, বরং রাজস্থানের স্থানীয় পর্যটন অর্থনীতিতেও প্রভাব ফেলেছে। ট্রেনের পর্যটকদের কেন্দ্র করে জীবিকা নির্বাহ করা রাজস্থানি লোকশিল্পী, ট্যুর গাইড এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের আয় অনেক কমে গেছে। করোনা মহামারির ধাক্কা কাটিয়ে এই শিল্প যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, তখনই মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন অন্তরায় হয়ে দাঁড়াল।

এস এম/ ১৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language