পাবনা

হার্ডিঞ্জ ব্রিজের পিলারে ধাক্কায় নৌকা থেকে পড়ে নিখোঁজ ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

ছাত্রদল নেতা

পাবনা,১৩ সেপ্টেম্বর- পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীতে হার্ডিঞ্জ ব্রিজের পিলারে ধাক্কা লেগে নৌকা থেকে পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হওয়ার একদিন পর রাকিবুজ্জামান রকি (৩০) নামে এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের চর-কুড়ুলিয়া আকাতের ঘাট এলাকায় পদ্মা নদী থেকে রকির মরদেহ উদ্ধার করা হয়।

ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আমিরুল আরাফাত এবং ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জায়েদুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার রাত ৯টা ১০ মিনিটের দিকে ১২৩ জন যাত্রী বহনকারী বাল্কহেডের সঙ্গে হার্ডিঞ্জ ব্রিজের পিলারের ধাক্কা লাগে। এতে ঝিনাইদহ জেলার শৈলকুপা পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুজ্জামান রকিসহ তিনজন নিখোঁজ হন। পরে দুজনকে উদ্ধার করা হলেও রকি নিখোঁজ ছিলেন। ওই রাতেই ভেড়ামারা উপজেলা প্রশাসন উদ্ধার অভিযান শুরু করে।

জানা যায়, ঝিনাইদহের শৈলকুপা কাতলা গাড়িঘাট থেকে ১২৩ জন ভ্রমণকারী নিয়ে তারা ভেড়ামারা উপজেলার সোলাইমান শাহ মাজারে বেড়াতে আসেন। এ ছাড়া ওই নৌকায় মাঝিসহ আরও বেশ কয়েকজন লোক ছিলেন।

মাজার বেড়ানো শেষে রাত ৯টা ১০ মিনিটের দিকে তারা হার্ডিঞ্জ ব্রিজের কাছে পৌঁছান। এ সময় স্রোতের প্রচণ্ড ধাক্কায় হার্ডিঞ্জ ব্রিজের চার নম্বর পিলারের সঙ্গে বাল্কহেডের পেছনের অংশে ধাক্কা লাগে। এতে রকি, লিটন ও ওহাব নদীতে পড়ে যান। লিটন ও ওহাবকে উদ্ধার করা সম্ভব হলেও রকি নিখোঁজ ছিলেন।

নিখোঁজ হওয়ার পর থেকেই ঈশ্বরদী ফায়ার সার্ভিস, ভেড়ামারা ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ যৌথভাবে নিখোঁজ রকিকে উদ্ধারে কাজ শুরু করে।

এস এম/ ১৩ সেপ্টেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language