ফোন নম্বর ছাড়াই ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ, আসছে ইউজারনেম ফিচার

ঢাকা, ১৬ এপ্রিল – জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। নতুন এই পরিবর্তন কার্যকর হলে অ্যাকাউন্ট খুলতে বা লগইন করতে আর বাধ্যতামূলকভাবে ফোন নম্বর ব্যবহার করতে হবে না। ব্যবহারকারীদের গোপনীয়তা আরও জোরদার করতে এবার ইউজারনেম ফিচার যুক্ত করতে যাচ্ছে মেটা মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি। ২০০৯ সালে যাত্রা শুরুর পর থেকে ফোন নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার প্রথা চালু ছিল। তবে নতুন এই ফিচারে ইনস্টাগ্রাম বা এক্স প্ল্যাটফর্মের মতো নির্দিষ্ট ইউজারনেম ব্যবহার করেই লগ ইন করা সম্ভব হবে।
এর ফলে অপরিচিত কাউকে মেসেজ করার জন্য নিজের ব্যক্তিগত ফোন নম্বর শেয়ার করার ঝুঁকি থাকবে না। শুধুমাত্র ইউজারনেম থাকলেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে। অ্যান্ড্রয়েডের লেটেস্ট বিটা সংস্করণে বর্তমানে এই ফিচারটি পরীক্ষা করে দেখা হচ্ছে। ইউজারনেম তৈরির ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে। ইউজার নেমে কমপক্ষে একটি ইংরেজি ছোট হাতের অক্ষর থাকতে হবে।
অক্ষরের পাশাপাশি সংখ্যা এবং বিশেষ চিহ্ন ব্যবহার করে ইউজারনেমটি অনন্য করা যাবে। বর্তমানে ইউজারনেম রিজার্ভেশন ফিচারটি শুধুমাত্র বিটা টেস্টারদের জন্য উন্মুক্ত করা হয়েছে। সাধারণ ব্যবহারকারীদের জন্য এই সুবিধা কবে নাগাদ আসবে সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করেনি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তবে পরীক্ষা শেষ হলেই এটি সবার জন্য উন্মুক্ত করা হবে বলে ধারণা করা হচ্ছে। ব্যক্তিগত নম্বর আড়ালে রেখে যোগাযোগের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের এই নতুন পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
এস এম/ ১৬ এপ্রিল ২০২৬









