মধ্যপ্রাচ্য

চীনা স্যাটেলাইটে মার্কিন ঘাঁটিতে নজরদারি চালাচ্ছে ইরান: চাঞ্চল্যকর তথ্য

তেহরান, ১৬ এপ্রিল – কক্ষপথে থাকা একটি অত্যাধুনিক চীনা স্যাটেলাইট ক্রয়ের মাধ্যমে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর নিবিড় নজরদারি চালাচ্ছে ইরান। সম্প্রতি প্রভাবশালী সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত বছর অত্যন্ত গোপনীয়তার সঙ্গে চীনের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে টিইই ০১বি নামক এই কৃত্রিম উপগ্রহটি সংগ্রহ করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি। মূলত মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে মার্কিন সেনাদের অবস্থান ও গতিবিধি নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতেই তেহরান এই পদক্ষেপ নিয়েছে।

জানা গেছে, আর্থ আই কোম্পানি নামের একটি চীনা প্রতিষ্ঠান এই স্যাটেলাইটটি তৈরি ও মহাকাশে উৎক্ষেপণ করেছিল। প্রতিষ্ঠানটি মূলত ইন অরবিট ডেলিভারি মডেলে কাজ করে থাকে, যার আওতায় মহাকাশে স্যাটেলাইটটি সফলভাবে স্থাপনের পর তা সরাসরি ক্রেতার কাছে হস্তান্তর করা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমেই ইরান স্যাটেলাইটটির পূর্ণ নিয়ন্ত্রণ লাভ করে। পাশাপাশি বেইজিং ভিত্তিক স্যাটেলাইট পরিষেবা প্রদানকারী সংস্থা এমপোস্যাট এর গ্রাউন্ড স্টেশন নেটওয়ার্ক ব্যবহারের সুযোগও পেয়েছে আইআরজিসি। এর ফলে এশিয়া থেকে লাতিন আমেরিকা পর্যন্ত বিস্তৃত অঞ্চলে নজরদারি চালানোর সক্ষমতা অর্জন করেছে দেশটি।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত মার্চ মাসের মাঝামাঝি সময়ে এই স্যাটেলাইটটি সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ার বেসের ওপর দিয়ে একাধিকবার প্রদক্ষিণ করে উচ্চমানের ছবি সংগ্রহ করেছে। কাকতালীয়ভাবে সেই সময়েই তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই ঘাঁটিতে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছিলেন। এ ছাড়াও জর্ডানের মুওয়াফফাক সালতি এয়ার বেস, বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর এবং ইরাকের এরবিল বিমানবন্দরেও এই স্যাটেলাইটের মাধ্যমে নজরদারি চালানো হয়েছে। জিবুতি, কুয়েত এবং ওমানের বিভিন্ন গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনার পাশাপাশি বাহরাইনের অ্যালুমিনিয়াম প্ল্যান্ট এবং সংযুক্ত আরব আমিরাতের বেশ কিছু বেসামরিক অবকাঠামোও এই শক্তিশালী নজরদারির আওতায় রয়েছে বলে জানা গেছে।

পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তাদের মতে, কোনো চীনা কোম্পানি সরকারি অনুমোদন ছাড়া এ ধরনের স্পর্শকাতর সামরিক প্রযুক্তি অন্য কোনো দেশের কাছে হস্তান্তর করতে পারে না। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো ধারণা করছে যে, চীন সরাসরি যুদ্ধে লিপ্ত না হলেও নেপথ্যে থেকে ইরানকে প্রযুক্তিগত ও বুদ্ধিবৃত্তিক সহায়তা দিয়ে যাচ্ছে। যদিও বেইজিং ইরানকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি বরাবরের মতোই অস্বীকার করে আসছে। এর আগে রাশিয়ার কাছ থেকেও ইরান একই ধরনের স্যাটেলাইট সহায়তা পেয়েছিল বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

এস এম/ ১৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language