হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ উপেক্ষা করে চলছে বাণিজ্যিক জাহাজ

ওয়াশিংটন, ১৬ এপ্রিল – ইরানের ওপর আরোপিত মার্কিন নৌ-অবরোধ খুব একটা কার্যকর হচ্ছে না বলে সংবাদ প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অন্তত ২০টির বেশি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। এসব জাহাজের মধ্যে জ্বালানি তেলবাহী ট্যাঙ্কার, শুকনো পণ্যবাহী জাহাজ এবং কন্টেইনার ক্যারিয়ার অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, প্রণালিটি অতিক্রমের সময় কিছু জাহাজ তাদের স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বা এআইএস বন্ধ করে রেখেছিল।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান এবং মার্কিন ইসরায়েল জোটের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর তেহরানসহ ইরানের প্রধান শহরগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়। এর জবাবে ইরানের বিশেষ বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর ইসরায়েলসহ বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা আক্রমণ করে। সেই সাথে তেহরান ঘোষণা দেয় যে, হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল কিংবা তাদের সমর্থক কোনো দেশের জাহাজ চলাচল করতে দেওয়া হবে না।
বিদ্যমান সংকট নিরসনে গত ১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ইরানের পক্ষে নেতৃত্ব দেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে উভয় পক্ষই জানিয়েছে যে, বিভিন্ন ইস্যুতে মতবিরোধ থাকায় কোনো দীর্ঘমেয়াদী চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। আলোচনার এই ব্যর্থতার ধারাবাহিকতায় গত ১৩ এপ্রিল থেকে ইরানের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণা করে ওয়াশিংটন।
এস এম/ ১৬ এপ্রিল ২০২৬









