প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল হজ ফ্লাইটের উদ্বোধন করবেন

ঢাকা, ১৬ এপ্রিল – প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শুক্রবার ২০২৬ সালের হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করতে যাচ্ছেন। বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে এ বছর বর্ধিত ফ্লাইট সিডিউল এবং হ্রাসকৃত বিমান ভাড়ায় হজ ব্যবস্থাপনার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
প্রধানমন্ত্রী আগামীকাল বেলা সাড়ে ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে এই হজ ফ্লাইটের উদ্বোধন করবেন। মন্ত্রণালয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় ৪১৯ জন যাত্রী নিয়ে হজের প্রথম ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে।
এই কার্যক্রম উপলক্ষে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে বর্তমানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। উল্লেখযোগ্য বিষয় হলো এবার হজযাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে টিকিটের মূল্য গতবারের তুলনায় ১২ হাজার টাকা কমানো হয়েছে। ইতোমধ্যে হজযাত্রীদের সেবায় নিয়োজিত ১৭১ সদস্যের একটি মেডিকেল টিম সৌদি আরবে পৌঁছেছে বলে সংশ্লিষ্ট বিভাগ নিশ্চিত করেছে।
এস এম/ ১৬ এপ্রিল ২০২৬









