২৬ বছর পর তানোরে প্রথম নৌকার জয়

রাজশাহী, ১৫ ফেব্রুয়ারি – বিএনপি ক্ষমতায় ছিল না বলে মেয়র হয়েও এলাকার উন্নয়ন করতে পারেননি। তাই মানুষ উন্নয়নের জন্যই নৌকায় ভোট দিয়েছেন বলে মন্তব্য করেছেন রাজশাহীর তানোর পৌরসভা নির্বাচনে পরাজিত প্রার্থী মিজানুর রহমান মিজান।
তিনি ওই পৌরসভার বর্তমান মেয়র। রোববার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে তিনি পরাজিত হয়েছেন। মেয়র নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের ইমরুল হক।
বিজয়ী ইমরুল হক পেয়েছেন ১২ হাজার ৬৩২ ভোট। আর ধানের শীষের প্রার্থী মিজান পেয়েছেন ৭ হাজার ২১৭ ভোট। বিএনপির বিদ্রোহী প্রার্থী আবদুল মালেক নারিকেল গাছ প্রতীকে ২৪৫ ভোট পেয়েছেন।
আরও পড়ুন : আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষে আহত ২০
ভোট গণনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তানোর পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার সুশান্ত কুমার মাহাতো এই ফলাফল ঘোষণা করেন।
মেয়র থেকেও নির্বাচনে পরাজয়ের কারণ জানতে চাইলে মিজান বলেন, ‘আমার দল বিএনপি ক্ষমতায় নেই দীর্ঘদিন। যার ফলে আমি মেয়র হয়েও পৌর এলাকায় ভালো উন্নয়নমূলক কাজ করতে পারিনি। অনেক প্রতিবন্ধকতা ছিল, কিন্তু তারপরও বলব, আমার এটা ব্যর্থতা। এলাকার যেন উন্নয়ন হয় সেই কারণেই মানুষ নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করেছেন।’
নির্বাচন নিয়ে কোনো আপত্তি নেই বলেও বিএনপির এই প্রার্থী। তিনি বলেন, নির্বাচন নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন। নির্বাচন সুন্দর ও শান্তিপূর্ণ হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ ২৬ বছর আগে প্রতিষ্ঠিত তানোর পৌরসভায় এই প্রথম আওয়ামী লীগের কোনো নেতা মেয়র নির্বাচিত হলেন। উন্নয়নে পিছিয়ে থাকা এই পৌরসভাটি ‘খ’ শ্রেণিভুক্ত। নবনির্বাচিত মেয়র ইমরুল হককে নিয়েই এখন উন্নয়নের স্বপ্ন দেখছেন পৌরবাসী।
সূত্র : জাগো নিউজ
এন এইচ, ১৫ ফেব্রুয়ারি









