জাতীয়

ছাত্র-জনতার স্বপ্ন ধ্বংস করছে বিএনপি: আখতার হোসেন

ঝিনাইদহ, ২৬ জুলাই – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন অভিযোগ করেছেন যে, বিএনপি সরকার ছাত্র-জনতার নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নস্যাৎ করছে। সম্প্রতি রাষ্ট্রের ১২টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিজেদের দলীয় পদধারী নেতাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার মাধ্যমে এই স্বপ্ন ধ্বংস করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

রবিবার ঝিনাইদহ জেলা এনসিপির উদ্যোগে আয়োজিত জুলাই জাগরণ শীর্ষক পদযাত্রা শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়া। কিন্তু বর্তমান সরকার নিয়ম নীতির তোয়াক্কা না করে সব দপ্তরে দলীয় লোক নিয়োগ দিচ্ছে। বিশেষ করে নির্বাচন কমিশনে অতিরিক্ত সচিব পদে দলীয় পদধারী একজনকে বসানোর মাধ্যমে সাংবিধানিক প্রতিষ্ঠানটিকে কুক্ষিগত করার চক্রান্ত শুরু হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি এই নিয়োগ অবিলম্বে বাতিলের আহ্বান জানান

সমাবেশে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, জুলাই ও আগস্টে গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলাতে হবে। তিনি আরও অভিযোগ করেন, বিএনপি নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও এখন তারা জনগণের সঙ্গে প্রতারণা করছে।

অন্যদিকে এনসিপির নারী শক্তির সদস্য সচিব ডা. মাহমুদা মিতু বলেন, দেশে বর্তমানে খুন, ধর্ষণ ও চাঁদাবাজি বেড়ে গেছে। আওয়ামী লীগ বিদায় নিলেও তাদের সেই জায়গা এখন বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতারা দখল করে নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সমাবেশ শুরু হওয়ার আগে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পদযাত্রা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে নেতৃবৃন্দ আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করেন।

এনএন/ ২৬ জুলাই ২০২৬


Back to top button